কোচ হয়েই ফিরছেন ওয়াকার!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:০৭
আবারো পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে ওয়াকার ইউনিসের নিয়োগ প্রায় নিশ্চিত বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের বোলিং কোচ মোহাম্মদ আকরামকে নির্বাচক কমিটির সদস্য এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমীর (এনসিএ) প্রধান কোচের দায়িত্ব দেয়ার পরই ওয়াকারের নিয়োগ প্রায় নিশ্চিত বলে জানা গেছে। পাকিস্তানের হয়ে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ানডে খেলা সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকারকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়োগ দিতে চায় এমন ধরনের আলোচনা আগে থেকেই ছিল এবং মোহাম্মদ আকরামকে বোলিং কোচের পদ থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেয়ায় সাবেক এ পেসারের দায়িত্ব পাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই ওয়াকার ইউনুসকেই প্রধান কোচের পদে দেখতে চান মঈন খান, ইনজামাম উল হকের মত আরো অনেক সাবেক ক্রিকেটার। ভিন্ন ভিন্ন কোচ এবং সাপোর্টিং স্টাফের জন্য দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ইতোমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান কোচ এবং আগামী ৫ মে আবেদনপত্র জমার দেয়ার শেষ সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। আবেদনপত্র বাছাই এবং মূল্যায়নের জন্য প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার মঈন খান, ডিরেক্টর ইন্তিখাব আলম ও হারুন রশিদের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পিসিবি। এই বিষয়ে বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে বলেন, ‘পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে পুনরায় ওয়াকারের যোগদান বলতে গেলে নিশ্চিত। একজন কোচের মধ্যে আপনি যা চান তার প্রায় সব কিছুই তার মধ্যে আছে। অতীতেও তিনি এ পদে কাজ করেছেন।’ ওয়াকারের প্রসঙ্গে ওই সূত্র আরো বলেন, ‘ওয়াকার খেলাটির একজন জীবন্ত কিংবদন্তী এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার মতো শক্ত মানসিকতা তার মধ্যে রয়েছে। তিনি প্রধান কোচ হিসবে নিয়োগ না পেলেই আমি বিস্মিত হবো।’ সূত্র আরো জানিয়েছে, ওয়াকারের সাথে বোর্ড এর মধ্যেই প্রাথমিক আলোচনা শেষ করে ফেলেছে। ওয়াকার দলের উপর কোনভাবেই নিজের দলের উপর বাইরের কোন হস্তক্ষেপ চান না। আর দল নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখার দাবী জানিয়েছেন তিনি। তার মতে, কোচ এবং অধিনায়ক একটা উইনিং কম্বিনেশন গঠনে মূল ভূমিকা রাখতে পারেন। এছাড়া টিম ম্যানেজমেন্টে আরো কিছু বড় পরিবর্তন আনার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। স্পিন বোলিং বিশেষজ্ঞ হিসেবে মুস্তাক আহমেদের যোগ দেয়া অনেকটাই নিশ্চিত। তবে তার সাথে চুক্তির কয়েকটি বিষয় নিয়ে এখনও সমঝোতায় আসতে পারেনি পিসিবি। সমঝোতা হয়ে গেলেই চুক্তি হয়ে যাবে বলে জানা গেছে।