শনিবার নিজের ১৪তম গোল করে বুন্দেসলিগায় এক মৌসুমে কোন জাপানী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন মেইঞ্জ তারকা শিনজি ওকাজাকি। এর আগে ২০১১/১২ সালে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৩টি গোল করেছিলেন শিনজি কাগাওয়া। ঐ মৌসুমের পরেই কাগাওয়া ডর্টমুন্ড ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন। ওকাজাকি গতকাল নূরেমবার্গের বিপক্ষে ঘরের মাঠে প্রথম গোল করে এই রেকর্ড গড়েন। গত জুলাইতে মেইঞ্জে যোগ দেবার পর থেকেই নিজেকে যেন নতুন ভাবে চেনাতে শুরু করেছেন ওকাজাকি। এর আগে তিন বছর স্টুটগার্টে খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। জার্মান লীগে খেলা ৯৪টি ম্যাচে এখন তার গোলসংখ্যা ২৪টি। একজন জাপানীজ হিসেবে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে তিনি আর মাত্র তিন দুই গোল দূরে রয়েছেন। ১৯৭৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কোলন, হেরথা বার্লিন এবং ওয়েরডার ব্রেমেনের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছিলেন ইয়াসুহিকো ওকুডেরা। -বাসস
