আন্তর্জাতিক স্কুল দাবা টুর্নামেন্ট

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:০৯
মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের কাজটি বহুবার করেছে। ফুটবল, ক্রিকেট তো আছেই; আরো অনেক খেলায় এই সাদাকালো দলটি প্রতিভা বাছাই করার জন্য উদ্যোগ নিয়েছে। এবার মোহামেডান দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে। স্কুল দাবার আয়োজন করে দেশের দাবায় খেলোয়াড় উপহার দেয়ার জন্য আগামীকাল আন্তর্জাতিক স্কুল দাবা শুরু করতে যাচ্ছে। যে টুর্নামেন্টে পাকিস্তান, শ্রীলংকা, ভারত, নেপালের দাবাড়ুরা খেলবেন। নিজেদের দেশের দাবাড়ুরাও লড়বেন এই মেধার প্রতিযোগিতায়। আগামীকাল ক্লাব অডিটরিয়ামে শুরু হবে্ খেলা। ভারতের ৪, নেপালের ৩ ও শ্রীলংকার ১ জন দাবাড়ু খেলবেন টুর্নামেন্টে। আয়োজক মোহামেডান আশা করছে, প্রতিযোগিতায় ৩০ থেকে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শত শিক্ষার্থী অংশগ্রহণ করবে। নার্সারী থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৬ বিভাগে। পুরস্কার থাকছে ল্যাপটপ, মিনি ল্যাপটপ, কম্পিউটার, ক্রিস্টাল দাবা সেট, ডিজিটাল দাবা ঘড়িসহ দাবা খেলার প্রয়োজনীয় সামগ্রী। যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। কয়েকটি খেলায় অংশ নেয়া ছাড়া বড় ক্লাবগুলোর তেমন কোনো কর্মসূচি চোখে পড়ে না। সে দিক দিয়ে মোহামেডানই যা ব্যতিক্রম। বিভিন্ন খেলায় তৃণমূলে নজর দিচ্ছেন তারা। দেশের দাবার সঙ্গে ক্লাবটির সম্পৃক্ততা দীর্ঘদিনের। ১৯৭৭-৭৮ সালে ক্লাবটি প্রথম অংশ নেয় দাবা লীগে। সর্বশেষ তিন লীগের শিরোপা সাদাকালোদের ঘরেই। কেবল খেলায় অংশ নেওয়াই নয়। মোহামেডান এবার উদ্যোগ নিয়েছে দাবাড়ু তৈরির। দাবা একাডেমির পরিকল্পনা করেছে। তার আগে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক স্কুল দাবা টুর্নামেন্টের আয়োজন করছে ক্লাবটি। গতকাল ক্লাব অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহামেডানের পরিচালক সারওয়ার হোসেন বলেন,‘আমরা দাবা একাডেমি করবো। তাছাড়া একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও আছে।’ টুর্নামেন্টের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক বলেন,‘এ ধরনের টুর্নামেন্ট নতুন নতুন দাবা তৈরিতে সহযোগিতা করবে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রকিবউদ্দীন দেওয়ান রতন, সদস্য সচিব ইফতেখার আহমেদ, সদস্য রেজাউল হক মুকুল ও মাসুদ জামান।