গার্দিওলার ভাবনায় শুধুই আক্রমণ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২২:০৫
চার বছর বার্সেলোনার কোচ থাকাকালীন সময়ে যে অভিজ্ঞতা হয়নি, সান্তিয়াগো বার্নাব্যুতে গত সপ্তাহে সেই অভিজ্ঞতাটাই হলো পেপ গার্দিওলার। রিয়াল মাদ্রিদের মাঠে প্রথম পরাজয়ের সেই তিক্ত স্বাদ ভুলে ঘুরে দাঁড়ানোর পথে আজ আবারো একই প্রতিপক্ষকে পাচ্ছেন তিনি। আর সেই ‘প্রতিশোধ মিশনে’ পাল্টা আক্রমণকেই বড় অস্ত্র ভাবছেন এই স্প্যানিয়ার্ড। রিয়ালের বিরুদ্ধে গত সপ্তাহের ঐ হারের পর সর্বশেষ লিগ ম্যাচে ওয়ার্ডার ব্রেমেনের বিরুদ্ধেও দুই গোল হজম করতে হয়েছে বায়ার্নকে। এই ভঙ্গুর রক্ষণই আজ বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে রিয়ালের বিরুদ্ধে। কিন্তু তবুও আজ রক্ষণে আরো বেশি খেলোয়াড় ব্যবহার করার পক্ষপাতী নন গার্দিওলা। বরং স্পেন জাতীয় দলের সাবেক এই তারকা বলছেন, রোনালদো-বেল-বেনজামা সমৃদ্ধ রিয়ালের আক্রমণভাগের জবাব দেয়ার একমাত্র উপায় পাল্টা আক্রমণে যাওয়া। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ডিফেন্ডারও তাদের থামাতে পারবে না। তাই আমার মনে হয়, ভাল দলগুলোকে আপনি নিজের ডি বক্স থেকে যতটা দূরে সরিয়ে রাখতে পারবেন ততই মঙ্গল। একারণেই আমরা খেলার জন্য এই পদ্ধতিকে বেছে নিয়েছি।’ আগের লেগে পাওয়া জয়ের কারণে আজ রিয়াল রক্ষণাত্মক খেলবে এমন ধারণাকে তুড়ি মেরেই উড়িয়ে দিলেন তিনি। বায়ার্নকে এ মৌসুমে বুন্দেসলিগা শিরোপা এনে দেয়া এই কোচ বলেন, ‘আমি জানি তারা চাইবে গোল করতে। কারণ, তাদের কোচের মানসিকতা এমনই (আক্রমণাত্মক)। সুতরাং, আমার মনে হয় না রক্ষণাত্মক খেলেই নব্বই মিনিট কাটানোর কোন ইচ্ছা তাদের আছে। কেন জানি মনে হচ্ছে, লিসবনের ফাইনালে খেলতে হলে আজ আমাদের একাধিক গোলই করতে হবে।’