তিন ম্যাচ হাতে রেখে তুর্কি ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে ফেনারবাচ। রবিবার নিজেদের মাঠে চাইকুর রিজেসপারের সঙ্গে গোলশূন্য ড্র করার মধ্য দিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে জায়ান্ট ক্লাবটি। এ পর্যন্ত ৬৮ পয়েন্ট অর্জন করেছে ইস্তাম্বুলের এই ক্লাবটি। শিরোপা দৌড়ে এখন তাদের চ্যালেঞ্জ করার মত সংগ্রহ আর কোন ক্লাবের নেই। এদিন ইলাজিগস্পোরের বিপক্ষে গ্যালাতাসারে ১-০ গোলে জয়লাভ করলেও শীর্ষধারীদের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। এই নিয়ে ১৯বারের মত লিগ শিরোপা জয় করল ফেনারবাচ। যা প্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারের সমান। গত মৌসুমে ওই মাইলফলক অর্জন করেছিল ক্লাবটি। এদিকে শিরোপা লাভ করলেও ম্যাচ ফিক্সিংয়ের দায়ে উয়েফার নিষেধাজ্ঞা থাকা ফেনারবাচ আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে না। ফলে দ্বিতীয় অবস্থানে থাকা দলটিই ২০১৪-১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
