গোপালগঞ্জ ও চট্টগ্রামে ঢাকার ক্লাবগুলো ফুটবল খেলতে রাজি হচ্ছিল না। নানা ধরনের সমস্যা তুলে ধরে ক্লাবগুলো তাদের আপত্তির কথা জানিয়েছিল। বাফুফে সমাধানের পথে হাঁটতে গিয়ে কিছুটা এগিয়েছে বলেই মনে হচ্ছে। গতকাল লিগ কমিটির সভা শেষে জানা গেলো আপাতত চট্টগ্রাম ও গোপালগঞ্জে খেলা হবে। চলতি লিগের দ্বিতীয় পর্বের খেলা হবে বলে জানিয়েছেন বাফুফের লিগ কমিটি। ক্লাবগুলো সেখানে খেলতে সম্মিতি জানিয়েছে। এই দুই ভেন্যুতে খুব বেশি সমস্যা ছিল না। যতটুকু ছিল তা কাটিয়ে উঠেছে বলে বাফুফে তৃতীয় রাউন্ড থেকেই চট্টগ্রাম ও গোপালগঞ্জে
খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফেনীকে ৩ মে পর্যন্ত সময় দেয়া হয়েছিল ভেন্যু সংস্কার করার জন্য। এই সময়ের মধ্যে ভেন্যু সমস্যা সমাধান হয়ে গেলে আবার পরিদর্শনে যাবে বাফুফের প্রতিনিধি দল। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪ মে শ্রীলংকায় এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল বাছাই পর্বে খেলতে গেলেও লিগ চলবে।
মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। পেশাদার লিগের ক্লাবগুলোকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। লিগ কমিটি কাল জানিয়েছে, টুর্নামেন্টের দলগুলোকে তিন লাখ টাকা করে দেয়া হবে।
