গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নিয়মিত সভা ছিল, সেখানে মূলত আসছে মাসের টিভিস্বত্ব বিক্রি নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অনুমান করা যায়, সভার আগে আগে শেন জার্গুনসেনের পদত্যাগপত্র পৌঁছানোয় পরিস্থিতি বদলে গিয়েছিল। তবে সভাশেষে পরিচালকরা বললেন, তারা টিভিস্বত্ব নিয়েই আলাপ করেছেন।
বিসিবির মিডিয়া বিভাগের পরিচালক জালাল ইউনুস জানালেন, এই টিভিস্বত্ব বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে, ‘আজ আমাদের এজেন্ডা ছিলো আন্তর্জাতিক মিডিয়া রাইটস নিয়ে। মূলত সেটা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। যেহেতু বোর্ড সভাপতি ছিলেন না। তো আমরা এ মিটিংটাকে এজেন্ড করেছি আগামী বোর্ড মির্টিং পর্যন্ত। এরমধ্যে আপনারা জানেন যে মিডিয়া রাইটস নিয়ে টেন্ডার হয়েছে। এটা খুব শীঘ্রই আমরা সামনের বোর্ড মিটিংয়ে বসবো। এর আগে আমরা একটি কমিটি করে দিয়েছি। এ বোর্ডে কমিটিতে আছেন কাজী এনাম আহমেদ মাকেটিং এন্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান, তার সঙ্গে রয়েছেন আফজালুর রহমান সিনহা, মাহবুবুল আলম, আহমেদ ইকবাল হাসান ও ড. আই এইচ মল্লিক।’
কমিটির অন্যতম সদস্য কাজী এনাম বললেন, এই চুক্তিটা বোর্ডের আয়ের জন্য যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেভাবেই তারা সিরিয়াসলি নিয়েছেন বিক্রিটাকে। টিভিস্বত্ব বিক্রির সময়কাল সম্পর্কে তিনি জানালেন, ‘এটা শুরু হচ্ছে ২০১৪ সালে। মেয়াদ হবে ২০২০ এর মে পর্যন্ত। এর মধ্যে ৩১ টেস্ট, ৪৭ ওডিআই, ও ১৪টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এটা সংখ্যাটা বাড়তেও পারে ।’
