স্কোলারির দরকার আর দু’জন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:৫৯
ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন যে তার ২৩ সদস্যের বিশ্বকাপ দলে আর কেবল দু’জন দরকার। চেলসির চার খেলোয়াড় ডেভিড লুইস, র্যামিরেস, উইলিয়ান ও অস্কার এবং বার্সেলোনার নেইমার স্কোলারির তালিকায় আছেন। তিনি দল ঘোষণা করবেন ৭ মে। তাই স্বাগতিকদের প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের এখনো মূল্যায়নের মধ্যে রেখেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল কেউ অপরিবর্তনযোগ্য কিনা? জবাবে ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো স্কোলারি বলেন, ‘কেউই না, প্রত্যেকেরই বিকল্প আছে।’ এবারের বিশ্বকাপের স্বাগতিক দলের কোচটি টিভি গ্লোবোকে বলেন, ‘আমরা ২৩ জন খেলোয়াড় নির্বাচিত করেছি, তবে আমাকে এখনো দু’জনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখছি। এদের মধ্যে একজন তরুণ, অপরজনের আছে অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা। সে অবশ্য কিছুটা বাড়তি চাপ অনুভব করবে।’ ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দিয়ে ১২ জুন শুরু হবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার এ গ্রুপে তাদের এ ছাড়াও মেক্সিকো ও ক্যামেরুনের মোকাবেলা করতে হবে এবং স্কোলারির আত্মবিশ্বাস তুঙ্গে। তাই তিনি বলতে পারেন, ‘কাপ আমাদের।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সব কন্ডিশনই চ্যাম্পিয়ন হওয়ার মতো। ফুটবলের সকল পরিস্থিতি ও নিজেদের মাঠে খেলা সব সময়ই ভাল বলে। এটা অনেকটা একজন খেলোয়াড় বাড়তি থাকার মতো।’ তিনি আরো বলেন, ‘কেউই দ্বিতীয় স্থান মেনে নেয় না। তাহলে আমিই বা কেন দ্বিতীয় হওয়ার জন্য আলোচনা করতে যাবো?’ জিকো চান ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল এদিকে ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার জিকো জানিয়েছেন তিনি চান ১৩ জুলাই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হোক। তবে দেশটির হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নেয়া জিকোর বিশ্বাস ব্রাজিলই চলতি আসরে চ্যাম্পিয়ন হবে। স্কোলারির দল টুর্নামেন্টটির আগে অনেক ভাল অবস্থানে আছে জানিয়ে ৬১ বছর বয়সী খেলোয়াড়টি বলেন, ‘স্কোলারি অনেক ভাল করছে। আমি এ ব্যাপারে খুব আত্মবিশ্বাসী যে, এই দলটি দেশকে আরো একটি শিরোপা এনে দিতে সক্ষম।’ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে জয় দিয়েই নেইমার ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাবেন বলে বিশ্বাস দেশটির হয়ে ৭১ ম্যাচ খেলা সাবেক ফ্ল্যামেঙ্গা তারকার। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিকূলতা হলো আর্জেন্টিনা। তারা মূলত মেসির উপর নির্ভরশীল, যে বিশ্ব ফুটবলে অনেক বড় একটি নাম। আমি মনে করি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হলে, সেটাই হবে সবচেয়ে মানানসই।’