মুগদাল কমিটি চায় না বিসিসিআই

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০২
তাদের করা তদন্ত কমিটিকে বাতিল করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোট। এবার সুপ্রিম কোর্টের করা তদন্ত কমিটির বাতিল চেয়ে সেই আদালতেই আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা দাবি করেছে, এর আগে প্রাথমিক তদন্ত করা মুকুল মুগদাল কমিটির রিপোর্টের ‘অনেক ভুল’ আছে। তাই সেই কমিটিকেই অধিকতর তদন্ত করতে দেয়া ঠিক হবে না। আদালতের নির্দেশেই গঠিত মুকুল মুগদাল কমিটি আইপিএলের দুর্নীতি নিয়ে প্রাথমিক তদন্ত শেষে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেছে। সেই সঙ্গে একটি বন্ধ খামে ১৩ জন সন্দেহভাজনের নাম জমা দিয়েছে তারা। সেই ১৩ জনের একজন হওয়ায় ইতিমধ্যে পদ ছাড়তে হয়েছে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনকে। একই সঙ্গে আদালত অধিকতর তদন্তের জন্য বিসিসিআইয়ের কমিটিকে বাতিল করে আবারও মুগদাল কমিটিতে দায়িত্ব দিয়েছেন। এখন বিসিসিআই মুগদাল কমিটির বিরোধিতা শুরু করেছে। কিন্তু আদালত এই আবেদন রাখবেন বলে মনে করার কারণ নেই। কারণ সুপ্রিম কোট যেচেই মুগদাল কমিটিকে দায়িত্ব দিয়েছেন। মুগদাল কমিটি নতুন করে দায়িত্ব নিতে রাজি হয়ে ইতিমধ্যে আদালতের কাছে নিজেদের চাহিদা জানিয়েছেন। তারা কমিটিতে বাড়তি সদস্য হিসেবে সিবিআইয়ের সাবেক বিশেষ পরিচালক এম এল শর্মা, দিল্লী, চেন্নাই ও মুম্বাই পুলিশের একজন করে অ্যাসিট্যান্ট কমিশনার, একজন ‘অববিতর্কিত ও খ্যাতিমান ক্রিকেটার’ চেয়েছেন। এছাড়া সিবিআইয়ের বিশেষ ইউনিটের সহায়তা চেয়েছেন মুগদাল কমিশন। একই সঙ্গে কমিটির সকল সদস্যকে আদালতের কর্মকর্তা হিসেবে বিবেচনা করে তাদের নির্দেশ মানতে এবং সর্বাত্মক সহায়তা করতে বিসিসিআইয়ের প্রতি নির্দেশনাও চেয়েছেন।