ইতালি ও জুভেন্টাসের সাবেক তারকা আলেসান্দ্রো ডেল পিয়েরো অস্ট্রেলিয়ান পেশাদার লিগ এ-লিগের ক্লাব সিডনি এফসি’র হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। ক্লাব সূত্রে জানা গেছে সিডনির সাথে তিনি আর চুক্তি বৃদ্ধি করছেন না।
চলতি মাসে মেলবোর্ন ভিক্টরির হয়ে প্লে-অফ ম্যাচে সিডনির ২-১ গোলে হারটির পরই ক্লাবের সাথে দুই বছরের চুক্তি শেষ হয়ে যায় ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকারের।
সিডনি এফসির চেয়ারম্যান স্কট বারলো এক বিবৃতিতে বলেছেন, ‘দুই বছর আগে সিডনি এমন একজন অসাধারাণ খেলোয়াড়ের সাথে চুক্তি করেছিল যা আগে কখনই হয়নি। সে আর কেউ নয় আলেসান্দ্রো ডেল পিয়েরো। ঐ সময় কেউ যদি বলতো ডেল পিয়েরো অস্ট্রেলিয়ায় খেলতে আসছে তবে খুব কম সংখ্যক মানুষই সেটা বিশ্বাস করতো। কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি এলেন সেটা অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসের জন্য বিশাল এক পাওয়া।’ তিনি আরো বলেন, ‘তার আগমনেই সিডনি এফসি এবং এ-লিগ বিশ্ব দরবারে পরিচিত হয়েছে। তাকে পেয়ে আমরা অনেক কিছুই অর্জন করেছি। বিশেষ করে সিডনির খেলা দেখতে দর্শকসংখ্যা কয়েকগুণ বেড়েছে। এছাড়া আমাদের ক্লাবকে ঘিরে দেশের মাটিতে এবং বিদেশেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সিডনির প্রতি তার অবদানের কথা স্বীকার করে আমি সকলের পক্ষ থেকে আলেসান্দ্রোকে ধন্যবাদ জানাতে চাই। তাকে পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে সে আবারো সিডনিতে ফিরে আসবে।’ ২০১২ সালে ৪০ অস্ট্রেলিয়ান ডলার (৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) এর বিনিময়ে ডেল পিয়েরো অস্ট্রেলিয়ায় এসেছিলেন। দুই মৌসুম মিলিয়ে তার কাছ থেকে এসেছে ২৪টি গোল। তারকা এই স্ট্রাইকারকে ছাড়তে কোনমতেই রাজী নয় ক্লাব কর্তৃপক্ষ। তাই তার সাথে সম্পর্ক আরো বৃদ্ধির জন্য জোড় প্রচেষ্টা চালানো হচ্ছে বলেই ইঙ্গিত পাওয়া গেছে। বাসস
