বেলজিয়ামের কোচ মার্ক উইলমট জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আদনান জানুজাজ বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকবেন।
এবারের বিশ্বকাপে বেলজিয়াম সবার আগে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ১২ জুন ব্রাজিলে শুরু হতে যাওয়া আসরটিতে বেলজিয়াম এইচ গ্রুপে আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে এক গ্রুপে।
আদনান জানুজাজ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের হয়ে চলতি মৌসুমে অভিষেকেই দুই গোল করে সাড়া জাগান। কিন্তু কোন্ দেশের হয়ে খেলবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও শেষপর্যন্ত ব্রাসেলসে জন্মানো ও আলবেনীয় বংশোদ্ভূত খেলোয়াড়টি দিন কয়েক আগে বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এরপরই তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা জোরদার হয়।
কোচ উইলমট অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের সময় ক্রোয়েশিয়া ও ওয়েলশের বিরুদ্ধে তাকে মূল দলে রেখেছিলেন। কিন্তু অ্যান্ডারলেখট থেকে ম্যানচেস্টারে আসা খেলোয়াড় সেসময় বেলজিয়াম দলের হয়ে খেলতে অসম্মতি জানান। বেলজিয়ামের সাবেক খেলোয়াড় উইলমট জানান, তিনি তার সিদ্ধান্তে খুবই খুশি হয়েছেন এবং ক্রিস্টিয়ান বেনটেকের ইনজুরির কারণে জায়গাও পেতে পারেন দলে।
উইলমট বলেন, ‘আদনান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন। সে তার যোগ্যতার প্রমাণ রেখেছে। সে উইঙ্গার হিসেবে খেলতে পারে, স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। ব্যাপারটা খুবই আকর্ষণীয় বিশেষ করে যখন বেনটেকেকে ইনজুরির কারণে পাওয়া যাচ্ছে না।’
বেলজীয় কোচ আরো বলেন, ‘এ কারণেই আমি যে ব্রাজিলের জন্য আমার ২৭ সদস্যের প্রাথমিক দলে রেখেছি সেটা খুবই স্বাভাবিক। তাছাড়া পারফর্মেন্সের ব্যাপারটাও তো আছে। তবে আমি প্রথমে দেখতে চাই অনুশীলন মাঠে সে কেমন আচরণ করে। আমি ২৬-২৭ জনের একটি দল বাছবো এবং তাদের বলবো-কথা একটাই—মাঠটাই আসল। কাজেই আসো আমাকে দেখাও তোমার কি আছে।’
জানুজাজ এখন বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে বেলজিয়ামের প্রস্তুতি ম্যাচগুলোয় খেলতে প্রস্তুত। বেলজিয়াম ২৬ মে নিজেদের মাঠ জেংক-এ লুক্সেমবার্গের সাথে খেলবে। এরপর ১ জুন স্টকহোমে খেলবে সুইডেনের সাথে।
তবে ব্রাজিল বিশ্বকাপের জন্য দলগুলোর চূড়ান্ত দল জমা দেয়ার সময়সীমা হলো ২ জুন।—স্কাই স্পোর্টস
