উচ্ছ্বসিত অ্যানচেলোত্তি গার্দিওলার দায় স্বীকার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৭
আগের রাতেই ঘোষণা দিয়েছিলেন, প্রথম লেগে এগিয়ে থাকার কারণে যারা ভাবছেন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদ রক্ষণাত্মক খেলবে, তারা ভুল করছেন। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীদের তাদেরই মাঠে চার গোলের লজ্জায় ডুবিয়ে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরেই রাখলেন কার্লো অ্যানচেলোত্তি। ‘লা দেসিমা’ বা দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দিকে আরেক ধাপ এগোবার পথে শিষ্যদের এমন পারফরম্যান্সে যারপরনাই আনন্দিত রিয়াল কোচ। অন্যদিকে, পুরো মৌসুম অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলা বায়ার্ন মিউনিখ কোচ স্বাগতিক দর্শকদের সামনে এই পরাজয়ের সব দায়ভারই তুলে নিয়েছেন নিজের কাঁধে। আগের লেগের ঘাটতি পুষিয়ে নিতে বায়ার্ন নিজেদের মাঠে যে আক্রমণাত্মক ফুটবলই খেলবে সেটা নিশ্চয়ই অজানা ছিল না অ্যানচেলোত্তির। বায়ার্নের সেই আক্রমণের জবাব পাল্টা আক্রমণে ফিরিয়ে দেবার নিশ্চয়তা দিয়েছিলেন এই ইতালিয়ান। আর নিখুঁতভাবে সেটা করতে পেরে এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ ম্যাচ শেষে স্বভাবতই ছিলেন দারুণ উচ্ছ্বসিত, ‘আমি নিখুঁত একটা ম্যাচ খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে। আমরা দারুণভাবে নিজেদের ঘর সামলাতে পেরেছি এবং আক্রমণেও ছিলাম দক্ষ। এমন একটা দল যারা কিনা গত বছর শিরোপা জিতেছে, তাদের বিরুদ্ধে এই জয়ে আমরা সবাই আনন্দিত।’ ম্যাচের ৩৪ মিনিটের মধ্যেই ফল প্রায় নিশ্চিত করে দেয়া আক্রমণভাগের জন্যও রিয়াল কোচের বরাদ্দ ছিল আলাদা স্তুতি, ‘বেল, রোনালদো, বেনজামারা দলের জন্য আজ (মঙ্গলবার রাতে) নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। দলের প্রেসিডেন্টও তাদের এই পারফরম্যান্সে দারুণ উল্লসিত। শুধু একটা ব্যাপারই আমার খারাপ লাগছে যে, জাভি আলোনসোকে (হলুদ কার্ডের নিষেধাজ্ঞায়) ফাইনাল মিস করতে হচ্ছে।’ এদিকে, বল পায়ে ভাল খেলতে না পারাকেই এই লজ্জাজনক হারের পেছনে কারণ হিসাবে উল্লেখ করেছেন গার্দিওলাও। পাশাপাশি দুষেছেন দলের রক্ষণ দুর্বলতাকেও। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ দুই লেগ মিলে ৫-০ গোলে এই হারের পর বলেন, ‘যখন বল আমাদের পায়ে ছিল তখন আমরা ভাল খেলিনি। এটা আসলে আমারই দায়িত্ব। আমি ভুল করেছি। প্রথম লেগে এক্ষেত্রে আমাদের পারফরম্যান্স কিছুটা ভাল ছিল। তবে এরপরও আমাদের চালিয়ে যেতে হবে। আপনি যদি ভালো না খেলেন এবং সেট পিসগুলোর ক্ষেত্রে আপনার রক্ষণ কার্যকর না হয়, তাহলে এমনটাই ঘটবে। আমরা ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলছি। এরকম ভুলের মাসুল আপনাকে সাথে সাথেই গুনতে হবে।’