রিয়ালের সঙ্গে তিন বছরের ক্যারিয়ার শেষে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে আসেন মরিনহো। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে প্রথম অধ্যায়ে দুটি লিগ, একটি এফএ কাপ ও দুটি লিগ কাপের শিরোপা জিতেছিলেন তিনি। এবারও দলকে ভালো অবস্থানে রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠেছে চেলসি, এখন ফাইনালের অপেক্ষা। প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় থেকে খানিকটা ছিটকে পড়লেও লড়াই করেছে বেশ। সব মিলিয়ে লন্ডনে ভালোই দিন কাটাচ্ছেন তিনি। আর পশ্চিম লন্ডনের এই ক্লাবটিতেই এবার ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পোষণ করলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। নিজের ভবিষ্যত্ নিয়ে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘চেলসি আমার ভবিষ্যত্। যদি চেলসি সিদ্ধান্ত নেয় আমাদের সম্পর্ক থামানোর সময় হয়েছে, তবে চেলসিই সেটা নেবে। আমি নেব না, আমি সারাজীবন থাকতে চাই।’
