সীমিত ওভারের ক্রিকেটে তার অপরিহার্যতা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু টেস্ট লড়াইয়ের জন্য তাকে নির্বাচকরা সর্বশেষ বিবেচনা করেছেন প্রায় সাড়ে তিন বছর আগে। তাই ওয়েস্ট ইন্ডিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর কষ্টটা অন্য অনেকের চেয়ে বেশি। আর তাই ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা ‘ভুল’ করেছেন বলে মনে করছেন তিনি।
সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে শ্রীলংকা সফরে টেস্ট খেলা এ অলরাউন্ডার জানিয়েছেন, দলের বাইরে থেকে টেস্ট খেলা দেখা তার জন্য অত্যন্ত ‘কষ্টের’ ও ‘হতাশার’। স্থানীয় লাইন লেন্থ পত্রিকাকে ব্রাভো বলেন, ‘সত্যি বলতে কি ২০১০ সালের পর থেকে টেস্ট দলে জায়গা না পেয়ে আমি খুবই হতাশায় ভুগছি। খুব কম সময়ই আমি টেস্ট খেলার সুযোগ পেয়েছি। অন্তত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের আক্রমণভাগের অংশ হওয়ার মত যথেষ্ট ভাল অবস্থায় এখনো আমি আছি বলেই আমার বিশ্বাস।’
