জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোঃ আসলাম শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল ম্যানেজার মনোনীত হয়েছেন। শেখ রাসেল শ্রীলংকা যাবে এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে অংশগ্রহণ করতে। ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরী জানিয়েছেন, শ্রীলংকা ট্যুরের জন্য আসলামকে তারা ফুটবল ম্যানেজার মনোনীত করেছেন। তিনি বলেন, ‘আসলাম দেশের খ্যাতনামা ফুটবলার। তাকে সম্মান জানাতে আমরা ফুটবল ম্যানেজার করেছি।’ শেখ রাসেল ফুটবলের বড় আসরে প্রবেশ করার আগেই আসলাম তার ক্যারিয়ারের যবনিকা টেনেছেন। কখনো এই দলে খেলার সুযোগ ছিল না তার। তার পরও শেখ রাসেল ক্লাব যেমন আসলামকে সম্মান দিয়েছে, ৫ বার লিগের সর্বোচ্চ গোলদাতা শেখ আসলামকে ম্যানেজার হিসাবে দেখা যেতে পারতো ভিক্টোরিয়া, বিজেএমসি, মোহামেডান কিংবা আবাহনীর ডেরায়। কিন্তু সে সুযোগ কখনো আসেনি কিংবা আসলেও সে পথগুলো মসৃণ নয় ভেবে দায়িত্ব তুলে নিতে পারেননি তিনি। তবে জাতীয় দলের ম্যানেজার হয়ে আসলাম শ্রীলংকা গিয়েছিলেন।
