হতাশ তরুণ
সমাজ আজ
অনেক কারণে
তরুণ সমাজ একটি জাতির সবচেয়ে শক্তিশালী অংশ। একটি জাতি বা দেশের যে কোন কঠিন পরিস্থিতির সময় তরুণ সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান সময়ে তরুণ ছাত্ররা আজ বিভিন্ন কারণে হতাশ। তাদের এ হতাশ হওয়ার পেছনে নানা কারণ রয়েছে। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হল আমাদের এই রাজনৈতিক পরিস্থিতি। এই রাজনীতিতে তরুণ সমাজকে ব্যবহার করা হচ্ছে। তাড়াতাড়ি বড় নেতা হবার লোভ দেখিয়ে তরুণ সমাজের মাধ্যমে বিভিন্ন রকমের পাপ কাজ করানো হচ্ছে। তাদের এ হতাশার দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা দিতে পারে না পড়া শেষে চাকরির ব্যবস্থা করে দিতে। এটা তাদের হতাশাকে আরো বাড়িয়ে দেয়। যার দরুন কোন কোন তরুণ হয় নেশাগ্রস্ত হয়ে যায়। তৃতীয় কারণ হল, আমাদের এই খারাপ অর্থনৈতিক অবস্থা। এই খারাপ অর্থনৈতিক কারণে অনেক পরিবারই সুন্দরভাবে জীবন-যাপন করতে পারছে না। এ হতাশা তাদেরকে বিভিন্ন অপরাধ কর্মেও উদ্বুদ্ধ করছে। একটি জাতির বিরাট অংশ যদি এভাবে হারিয়ে যায় তাহলে জাতির উন্নতি দুরাশা ছাড়া আর কিছু নয়। ফলে সরকারের উচিত এ বিষয়ে কিছুটা হলেও মনোযোগ দেয়া ।
আদিল বিন মালেক চৌধুরী
১ম বর্ষ, ২য় সেমিষ্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যবসা প্রশাসন বিভাগ।
০০০০০০০০০০০০০
তরুণদের সকল
বাধা অতিক্রম
করতে হবে
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীনতা অর্জন করতে আমাদের প্রচুর বাধা অতিক্রম করতে হয়েছে। এই দায়িত্বের অধিকাংশই পালন করেছে তরুণ সমাজ। এখন দেশ আবার দুর্যোগের মুখে পড়েছে। দেশের রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন সকল দিক দিয়ে ভেঙ্গে পড়েছে। আর এই দায়িত্বও তরুণ সমাজের নিতে হবে। প্রধানত তরুণ সমাজ বলতে তরুণ শিক্ষার্থীদেরই বুঝে থাকি। তাই এদেরই দায়িত্ব সবচেয়ে বেশি। আর ভাল কাজ করার জন্যে দুর্যোগ আসতেই পারে তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকলে হবে না। সমস্ত দুর্যোগ, বাধা-বিপত্তি অতিক্রম করে তরুণ সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি তরুণরা সকল খারাপ কাজ থেকে বিরত থেকে এভাবে এগিয়ে যেতে পারে তাহলে দেশের উন্নয়ন নিশ্চিত।
পিয়া জামান
শিক্ষার্থী, ফুড ইঞ্জিনিয়ারিং
তাপসী রাবেয়া হল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
০০০০০০০০০০০০০
তরুণদের হতাশা
মোচনে সুষ্ঠু আইনের
প্রয়োগ চাই
তরুণরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কল্যাণে আজ আমাদের অর্থনীতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হত্যা-গুম, প্রকাশ্যে হুমকি তরুণদের সামনের দিকে চলার পথে প্রধান বাধা। কোন তরুণ আজ উদ্যোক্তা হতে চাইলে তাকে বিভিন্ন মহলে চাঁদা-ঘুষ দিতে হয়। তা যদি দিতে অস্বীকার করা হয় তবে তাকে হত্যা,গুম করার মত হুমকি দেয়া হয়। এসব অপরাধীদের বিরুদ্ধে কোন মামলা,আইনি প্রক্রিয়া নে্য়া হলে তা প্রবহমান নদীর মত চলতে থাকে। আবার আইনের কিছু উচ্চমহল যখন এসব দুর্নীতির সাথে জড়িত থাকে তখন একজন তরুণের হাত-পা গুটিয়ে রাখা ছাড়া কিছুই করার থাকে না। তারা কোন উপায় না পেয়ে হতাশার বেড়াজালে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই এসব দুর্নীতির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিলে তরুণ সমাজ আরো উজ্জীবিত হবে।
মো. মুসফিকুর রহমান
কৃষি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
০০০০০০০০০০
আত্মকেন্দ্রিক
হয়ে পড়েছে
তরুণ সমাজ
আমাদের দেশের তরুণ সবসময়ই দেশের জন্য কাজ করেছে এবং দেশের জন্য আত্মত্যাগী ছিল। তারা সবসময়ই দেশের স্বার্থকে বড় করে দেখে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে তারা অনেকটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এখন তারা নিজেদেরকে নিয়েই বেশি ব্যস্ত থাকে। শুধু গুটি কয়েক তরুণ দেশের উন্নতি নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে। এর কারণ খুঁজে দেখতে গেলে আমরা পাই দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, তরুণদের নিরাপত্তা, নিজেদেরকে নিয়ে নানারকম ভয় ইত্যাদি তাদের ভিতরে কাজ করছে। কিন্তু দেশের এই রকম পরিস্থিতি থেকে একমাত্র তরুণরাই দেশকে উদ্ধার করতে পারে। তরুণদেরকে এখন আত্মকেন্দ্রিক না হয়ে দেশের জন্য কাজ করতে হবে। একমাত্র তাদের মেধাকে দেশের স্বার্থে কাজে লাগাতে পারলেই আমাদের দেশ সকল বাধা-বিপত্তি থেকে উত্তরণ করতে পারবে।
আব্দুল হালিম
কৃষি অনুষদ
আশরাফুল হক হল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
