সভাপতি স্বাক্ষর না করায় ১৮ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:০৮
গৌরীপুর শিবপুর এলইউ আলিম মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বিলে সভাপতি প্রতিস্বাক্ষর না দেয়ায় ১৮ জন শিক্ষক-কর্মচারী দু’মাস বেতন-ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বেতন-ভাতা বঞ্চিত শিক্ষকরা শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজউদ্দিন গত শনিবার সাংবাদিক সম্মেলনে জানান, কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে মাহফুজউল্লাহকে অপসারণ করা হয়েছিল। মাহফুজউল্লাহ হাইকোর্টে রিট আবেদন করে সভাপতি পদে পুনর্বহাল হন। শিক্ষক-কর্মচারীদের হাইকোর্টে রিটের প্রেক্ষিতে এপ্রিল ও মে— দু’মাসের বেতন-ভাতার ভাউচারে সভাপতি হিসাবে মাহফুজউল্লাহকে স্বাক্ষর প্রদানের আদেশ দিলেও তিনি স্বাক্ষর প্রদান করেনি। বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ১৯ জুন তারিখ পর্যন্ত কয়েকদফা চেষ্টা করেও তিনি প্রতিস্বাক্ষর প্রদান করেননি। এ ব্যাপারে সভাপতির মোবাইলে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।