জাপানে বৃহস্পতিবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে এটি ছিল এ বছরের প্রথম এবং ২০১২ সালের ডিসেম্বরে শিনজো অ্যাবের রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার পর নবম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। ২০০৭ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় কাগাওয়ায় তিনজনকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে মাসানোরি কাওয়াসাকিকে (৬৮) এ সাজা দেয়া হয়েছিল। ছুরিকাঘাতে নিহতদের মধ্যে তিন বছরের এক মেয়ে ছিল। এ সময় তারা বাড়িতে ঘুমাচ্ছিল। মাসানোরি তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। আইনমন্ত্রী সাদাকাজু তানিগাকি সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল খুবই নির্মম ঘটনা।’ তিনি বলেন, ‘অনেক বিচার-বিবেচনা করেই আমি এ মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছি।’ যুক্তরাষ্ট্র ছাড়া জাপান হচ্ছে শিল্পোন্নত একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে মৃত্যুদণ্ডের বিধান চালু রয়েছে।
