পুতিনকে কেরির আহ্বান
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইনের পূর্বাঞ্চলে লড়াইরত রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানাতে হবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর বৃহস্পতিবার প্যারিসে সাংবাদিকদের তিনি বলেন, “রাশিয়াকে প্রমাণ করতে হবে যে, দেশটি সত্যিই ইউক্রেইনে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়; তারা বিচ্ছিন্নতাবাদীদেরকে নিরস্ত্র করতে সহায়তা করছে, অস্ত্র ত্যাগে তাদেরকে উত্সাহ দিচ্ছে এবং তাদেরকে অস্ত্র ছেড়ে বৈধ প্রক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে; তা না হলে তাদেরকে আরো চড়া মূল্য দিতে হবে”। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বুধবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইউক্রেইনের পূর্বাঞ্চলে নতুন করে সংঘর্ষ হলে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কেরি বলেন, “আমরা সবাই এ ব্যাপারে একমত যে নিষেধাজ্ঞা প্রস্তুত রাখা প্রয়োজন। কিন্তু আমরা ওই পথে যেতে চাই না। বরং আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া এবং ইউক্রেইন সবার তরফ থেকেই সহযোগিতার প্রচেষ্টা দেখতে চাইব”।
