শিল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করতে ইউপিএ আমলের তৈরি ভূমি আইন বদলে দিতে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পমহলের দাবি মেনে বেসরকারি শিল্পের জন্য জমি অধিগ্রহণে সরকারের এখতিয়ার আরও বাড়াচ্ছে কেন্দ্র। গতকাল শনিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নিতিন গডকড়ীর সঙ্গে বিভিন্ন রাজ্যের রাজস্বমন্ত্রীদের বৈঠক হয়। সেখানেই সুনির্দিষ্টভাবে প্রস্তাবগুলো উঠে আসে। -খবর আনন্দবাজার পত্রিকার। এদিকে পশ্চিমবঙ্গের রাজস্ব দফতরের কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ জানান, পশ্চিমবঙ্গ তার নিজস্ব জমিনীতি তৈরি করেছে। সরকারি প্রকল্প হোক বা বেসরকারি প্রকল্প, জোর করে কোন জমি অধিগ্রহণ করবে না তারা। জমি আন্দোলন করে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন, জোর করে জমি নেয়ার বিরোধী তাঁর সরকার। গত তিন বছরে তিনি যতবার শিল্পমহলের সঙ্গে আলোচনা করেছেন, ততবারই এই প্রসঙ্গ উঠেছে। রাজ্য বলে এসেছে, জমি কোন সমস্যা হবে না। কিন্তু শুধু কাটোয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে মধ্যস্থতা করা ছাড়া এখনও জমি-জট মেটানোর কোনও দৃষ্টান্ত সরকার রাখতে পারেনি। রাজ্যে শিল্প না আসার পিছনে এটাকেই বড় কারণ বলে মনে করে শিল্পমহলের বড় অংশ। জমি প্রশ্নে শিল্পমহলের এই মনোভাব মাথায় রেখেই নতুন জমি আইনটি বদলাতে উদ্যোগী হয়েছেন মোদী। এই পরিবর্তনে যেমন শিল্পের জন্য জমি অধিগ্রহণে সরকারের এখতিয়ারের কথা ভাবা হচ্ছে, তেমনই সামাজিক সুরক্ষার দিকটিও সংকুচিত করে বাস্তবমুখী করতে চাইছে কেন্দ্র।
