লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিমানবন্দরের দখল নিয়ে লড়াইরত শক্তিশালী দুই মিলিশিয়া গ্রুপ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। লিবিয়ার কর্তৃপক্ষ শুক্রবার একথা নিশ্চিত করেছে। একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হওয়া থামাতে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে সহযোগিতা চাওয়ার পর মিলিশিয়ারা এই অস্ত্রবিরতিতে রাজি হলো।
ত্রিপোলির মেয়র এবং লড়াইরত মিলিশিয়াদের নেতারা একটা চুক্তিতে সম্মত হওয়ার কথা স্বীকার করে আন্তর্জাতিক বিমানবন্দরটি কোনো নিরপেক্ষ বাহিনীর হাতে সমর্পণ করা হবে বলে জানিয়েছেন। ইসলামপন্থি জঙ্গিরা গত রবিবার হামলা শুরু করার পরে ঐ আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই উদারপন্থি জিনতান যোদ্ধারা বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছিল। জিনতান বাহিনীর কমান্ডার মোখতার লাখদার বার্তা সংস্থা এএফপি’কে সিটি কর্পোরেশনের অধীনে একটি চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সংঘর্ষ থেমে গেছে বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে এর আগেই গোলাগুলিতে বেশ কয়েকটি উড়োজাহাজ এবং প্রধান টার্মিনাল ভবন খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, তেলক্ষেত্র, বিমানবন্দর এবং অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে দেশটির প্রতিরক্ষা এবং পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের জন্য বিশেষজ্ঞ পাঠাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহবান জানিয়েছেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ আবদেলাজিজ। দেশটিতে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গ্রুপগুলোর সংঘর্ষের ফলে পুরোদমে গৃহযুদ্ধের আশংকার মধ্যে তার এই আহবানটি আসলো।
