ইরাকের রাজধানী বাগদাদে বন্দী বহনকারী একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলা এবং গুলি করে অন্তত ৬০ জনকে হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের মধ্যে ৫১ জন বন্দি এবং ৯ জন পুলিশ সদস্য ছিলেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে হামলাকারীদের মধ্যে কেউ হতাহত হয়েছে কী না সে ব্যাপারে কিছু জানা যায়নি। বিচার মন্ত্রণালয় এবং মেডিক্যাল সূত্রে জানা গেছে, তাজি শহর থেকে বন্দিদের নিয়ে একটি প্রিজন ভ্যান রাজধানী বাগদাদে যাচ্ছিল। বোমা বিস্ফোরণের পর প্রিজন ভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে বন্দুকধারীরা। এসময় বেশ কয়েকজন বন্দি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ইরাকের এক কর্মকর্তা এপিকে বলেন, বৃহস্পতিবার ভোরে তাজি শহরে সেনা ঘাঁটির কাছে মর্টার বিস্ফোরণ ঘটলে এসব বন্দি জঙ্গিকে বাগদাদে সরিয়ে নেয়া হচ্ছিল। দুর্গম একটি পথ দিয়ে তাদের নেয়ার সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা অতর্কিত গুলিবর্ষণ করতে থাকে। সুন্নি জঙ্গিরা বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দখল করে নেয়ার পর গত কয়েক সপ্তাহে ইরাকের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর আগে গত মঙ্গলবার বাগদাদের কাদিমিয়া জেলার একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়।
