রাশিয়ায় আরো তিন বছর থাকতে পারবেন স্নোডেন

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৫২
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর ‘জনস্বার্থ বিরোধী গোয়েন্দা-গিরি’ ফাঁস করে দেশত্যাগকারী সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের ভিসার মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে রাশিয়া। স্নোডেনের আইন-জীবীর বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে তিনি চাইলে বিদেশে ভ্রমণ করতে পারবেন। গত ৩১ জুলাই রাশিয়ায় তার একবছরের ভিসার মেয়াদ শেষ হয়। এনএসএ তাদের গোপন নজরদারি প্রকল্পের অধীনে বিশ্বব্যাপী নাগরিকদের টেলিফোন যোগাযোগ, ফেইসবুক, ইমেইলসহ অন্যান্য ইন্টারনেট যোগাযোগ পর্যবেক্ষণ করছিল বলে তথ্য ফাঁস করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাকর্মী স্নোডেন। ২০১৩ সালে স্নোডেনের ওই তথ্য ফাঁসের পর সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের অবৈধ গোয়েন্দাগিরির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। মিত্রদেশের সরকার প্রধানরাও গোপন নজরদারির অন্তর্ভুক্ত হচ্ছেন বলে খবর বেরুনোর পর ওই তত্পরতার প্রতিবাদ জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ অন্য বিশ্বনেতারা। ওই বছর মে মাসে তথ্য ফাঁসের পরই হংকং হয়ে রাশিয়ায় আশ্রয়ে যান স্নোডেন। যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও সরকারি সম্পদ চুরির অভিযোগ এনেছে। রাশিয়ায় স্নোডেনের আইনজীবী এনাটোলি কুচেরিনা সাংবাদিকদের বলেন, রাশিয়ায় অবস্থানের মেয়াদ বাড়ানোর একটি আবেদন গৃহীত হয়েছে। “আবেদন অনুযায়ী স্নোডেনকে তিন বছরের অভিবাসন ভিসা দেয়া হয়েছে। এতে তাকে নিজের খুশি মতো বিদেশে ভ্রমণেরও অনুমোদন দেয়া হয়,” বলেন কুচেরিনা।