ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব জরিপেরডাঙ্গী গ্রামের হাজী সফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও বৃক্ষরোপণ করেছে এলাকার প্রভাবশালী নিজাম মাস্টার গংরা। তারা বিদ্যালয়টি উচ্ছেদের জন্য পাঁয়তারা ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে না আসার জন্য হুমকি প্রদান করছে। বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার জন্য গত রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। বিদ্যালয়ের মাঠ ও জায়গা দখল করার কারণে বর্তমানে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীর ভবিষ্যত্ লেখাপড়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সরেজমিনে পরিদর্শন ও তথ্য সংগ্রাহকালে, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা জানান, ১৯৯৮ সালে অত্র বিদ্যালয়টি উক্ত স্থানে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার সময় নিজাম আকনের ছোট বোন নাজমা আক্তার প্রধান শিক্ষক ও পিতা নওফেল আকনকে কার্যনির্বাহী কমিটির সভাপতি করা হয়। তখন ২৪ হাজার টাকার বিনিময়ে ৩৩ শতাংশ জমি ক্রয় করা হয়। মোলামেরডাঙ্গী গ্রামের সৈয়দ আলী আকনের নিকট থেকে জমি ক্রয়ের সময় প্রতি জন শিক্ষক নগদ ৬ হাজার টাকা করে প্রদান করে । জমি রেজিষ্ট্রি করার সময় প্রধান শিক্ষিকা নাজমা আক্তার ছলচাতুরীর মাধ্যমে জমি বিদ্যালয়ের নামে না দিয়ে তার ভাই নিজাম আকন ও আজম আকনের নামে দলিল করে। পরে প্রধান শিক্ষিকা নাজমা বেগমের অন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ায় উক্ত পদে তার দুলাভাই ইলিয়াছ আহম্মেদের চাকরি হলে কার্যনির্বাহী কমিটির সভাপতি করা হয় মোঃ মিজানুর রহমানকে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে জমি দখলের পাঁয়তারা করছে বলে সংশ্লিষ্ট শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের অভিযোগ।
এ ব্যাপারে নিজাম আকন জানান, তার ক্রয়কৃত জমির উপর বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে। আমার পিতাকে সভাপতি না করায় আমাদের জমি আমরা ফেরত চাই।
