ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৪

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:২৯

ফেসবুকে লাইভে এসে রংপুরের এক যুবকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে ঢাকার সাভার থেকে নিহতের স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 
 
শনিবার (১৯ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (১৮ মার্চ) ভোরে সাভারের হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। নিহত ওই যুবকের নাম ইমরোজ হোসেন রনি (৩০)। তার বাড়ি রংপুরের পীরগাছা থানা এলাকায়। 

গ্রেফতারকৃতরা হলো- নিহতের স্ত্রী মোছা. শামীমা ইয়াসমিন সাথী (২৩), রংপুরের মো. শাহজাহান ইসলাম বাদল (৫০), মো. ইমদাদুল হক (৩৫) ও মোছা. বিথী আক্তার (৩০)। তারা সকলেই আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি। 

র‌্যাব জানায়, গত ৪ বছর আগে একই থানার পশ্চিম হাগুরিয়ার হাশিম গ্রামের দিনমজুর বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে ভালোবেসে বিয়ে করেন ইমরোজ হোসেন রনি। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে এরপরই তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হলে ৫ লাখ টাকা ও ভরণপোষণের জন্য অর্থ দাবি করেন তার স্ত্রী। একপর্যায়ে কাউকে না জানিয়ে স্ত্রী তার চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান। সেখানে স্ত্রীকে আনতে গেলে শ্বশুর বাড়ির লোকজন রনিকে অপমান-অপদস্ত করে। পরে গত ১২ ফেব্রুয়ারি রনি ফেসবুক লাইভে এসে বিষ পানে আত্মহত্যা করেন। এসময় সে তার মৃত্যুর জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাইসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজনকে দায়ী করেন। পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে জড়িত আসামিরা ঢাকার সাভারে আত্মগোপনে করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার সাভারের হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। 

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার স্বীকার করেছে। এঘটনায় তাদেরকে রংপুরের পীরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম