২৬ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে জেনেভায় জাতিসংঘ চত্বরে সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
শুক্রবার (২৫ মার্চ) এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় বিপুল সংখ্যক প্রাবাসী বাঙালি, কমিউনিটি নেতৃবৃন্দ মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ব্লগার, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক অমি রহমান পিয়াল, সিনিয়র আওয়ামী নেতা মশিউর রহমান সুমন, মাসুম খান দুলাল, হাসান ইমাম খান, আশরাফুল ইসলাম আজাদ, পলাশ বড়ুয়া, মোহাম্মদ আকবর আলী, আশরাফুল আলম লিটন, গৌড়ী চরন সসীম, সুমন চাকমা, আইয়ান জুনায়েদ প্রমুখ। ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়া।
আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান আন্তর্জাতিকভাবে ২৫শে মার্চের গণহত্যার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, একই সময়ে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ (ঘাতক দালাল নির্মূল কমিটি, ইউরোপ চাপ্টার), আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন করে।

