শিল্পকর্ম নিয়ে ‘মন বাগান’

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৫:১৫

গাছের শিকড়, গুঁড়ি ও কাঠ— এসব দিয়ে দৃষ্টিনন্দনসব শিল্পকর্ম তৈরি করেন তিনি। গত ২৪ বছরে তিন হাজারেরও বেশি শিল্পকর্ম তৈরি করেছেন। একটি কোম্পানিতে হিসাবরক্ষক ছিলেন। একপর্যায়ে চাকরি ছেড়ে শিল্পকর্মে মন দেন। তার অপূর্ব সব শিল্পকর্মের সংগ্রহশালার নাম ‘মন বাগান’।

৫৭ একর জমিতে বিস্তৃত এ মন বাগান। আর এ বাগানের মালিক সমীরণ দত্ত। ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সালের কথা। একদিন পথের একপাশ দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলেন সমীরণ। হঠাৎ তার নজরে এলো— পথের ধারে একটি গাছের শিকড় পড়ে আছে। 

মন বাগানের আসবাব

ৎকী যেন ভেবে সমীরণ সেটি বাসায় নিয়ে আসবাবের অবয়ব দিলেন। মানুষজন দেখে বলল, ‘ভালোই হয়েছে।’ কাজটা সমীরণেরও মনে ধরে বেশ। ধীরে ধীরে টেবিল-চেয়ার-সোফা, ডাইনিং টেবিল, শিশুদের নানা রকম খেলনা, কাঠের তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি ও অন্যান্য জীবজন্তুর অবয়বে তৈরি করেছেন নান্দনিক কিছু আসবাবপত্র।

মনের টানেই তিনি কাজ করেন। ব্যবসা নয়, ভালোবাসার টানেই তার এই শিল্পচর্চা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশালে নিজ গ্রামে ৫৭ শতক জমি ভাড়া নিয়ে শুরু করেন তার শিল্পকর্ম। যে জিনিসগুলো ফেলনা ভাবা হয়, ফেলে দেয়া হয়— সেগুলোই সমীরণ বেছে নেন শিল্পকর্ম তৈরিতে। যেমন, কাঠের টুকরো, ছোট-বড় মৃত কিংবা কেটে ফেলা গাছের শিকড়-বাকড়। ‘মন বাগান’-এ আরও আছে শিশু ও শিক্ষার্থীদের জন্য খেলার জায়গা।

 

ইত্তেফাক/এসটিএম