সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জে বাস-লেগুনার মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ৬ লেগুনাযাত্রী ঘটনাস্থলেই নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের সকলেই লেগুনাযাত্রী। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ এলাকায় দুই পরিবহনের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি পরিবহনই সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনায় ১০-১১ জন যাত্রী ছিলেন। বাসে যাত্রী দেখা যায়নি। মুখোমুখী সংঘর্ষের ঘটনায় লেগুনাটি দুমরেমুচড়ে যায়। লেগুনার চালকসহ ৬ জন ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জের দুর্বকান্দার আফজাল হোসেন (১৬), মিলন মিয়া (১৫), সাগর মিয়া (১৬), লেগুনা চালক নোমান (২৪), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের নিমেশ চন্দ্র দাস (২২)। অন্য নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ১৫ জন সদর হাসপাতালে এসেছিলেন। এদের ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মোহাম্মদ রফিকুল ইসলাম জানালেন, এ পর্যন্ত ৫ জনের পরিচয় মিলেছে। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাস তালুকদার জানালেন, সকালে এসে তারা নিহতদের লাশ উদ্ধারের পাশাপাশি আহত কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। এর মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর ছিল।
ইত্তেফাক/এএম
