সাভারে ৭ দফা দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯:৩৪

সাভারে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ভাতা ২ হাজার টাকা, সরকারি-বেসরকারি ও কর্মসংস্থান সৃষ্টি করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে প্রতিবন্ধী সমাজের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

প্রতিবন্ধী সমাজের ৭ দফা দাবিগুলো হলো- 

১. আগামী অর্থবছরের বাজেটেই প্রতিবন্ধীদের ভাতা ২ হাজার টাকা করতে হবে,
২. জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও ভাতা উভয়ই নিশ্চিত করতে হবে, 
৩. অবিলম্বে প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করতে হবে, 
৪. আসছে বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে ১০ শতাংশ প্রতিবন্ধীদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়ম সংশোধন করে আনুপাতিক হারে প্রতিবন্ধী কর্মী নিয়োগ ও কর ছাড়ের বিধান করতে হবে, 
৫. সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভাণ্ডারে প্রতিবন্ধীদের জন্য তথ্য থাকতে হবে, 
৬. অবিলম্বে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর করতে হবে, 
৭. প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ দিতে হবে।

আয়োজিত মানববন্ধন থেকে প্রতিবন্ধী নেতা কাজী বিল্লাল বলেন, আমরা আর বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের কাজের সুযোগ দিতে হবে। আমাদের জন্য আলাদা মন্ত্রণালয় করে প্রতিবন্ধীদের প্রতি সুদৃষ্টি দিতে হবে।
এসময় পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির অর্ধশতাধিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 

ইত্তেফাক/এমএএম