শেষ মুহূর্তের ঈদযাত্রায় স্বস্তি 

আপডেট : ০২ মে ২০২২, ১০:২২

ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিন ধরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকলেও আজ অনেকটাই চাপ কমেছে। সোমবার (২ মে) সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা বাড়লেও কাউকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। এতে স্বস্তি নিয়ে ঘাট পার হন যাত্রী ও যানবাহনের চালকরা।
 
শিমুলিয়া ঘাটে দেখা গেছে, অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপভ্যান পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। এর আগে, মোটরসাইকেলের একটি সারি দেখা গেলেও সেগুলোকে একটি ফেরিতে করে পার করা হয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ঘাট একেবারে স্বাভাবিক। ১০টি ফেরি চলাচল করছে। অপেক্ষমাণ কোনো গাড়ি নেই।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটও ফাঁকা। ঘাটে নেই যাত্রীর চাপ। ফেরিগুলো অপেক্ষা করছে যানবাহনের জন্য।

ইত্তেফাক/কেকে