বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নগরবাসী। তাই নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারগুলোতে চলছে জটিল হিসাবের চাপা হাহাকার। এই পরিস্থিতিতে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর উদ্যোগে মার্চে যাত্রা শুরু করেছে অ্যাপভিত্তিক ই-কমার্স সাইট ‘ফুডপল্লী’।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের পাশাপাশি স্বল্পমূল্যে নির্ভেজাল পণ্য মানুষের নিকট পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে ‘ফুডপল্লী’। নির্ভেজাল ও খাঁটি পণ্যের সংকটকালে ও দ্রব্যমূল্যের বিরাজমান পরিস্থিতিতে সরাসরি মাঠ পর্যায় হতে পণ্য সরবরাহ করে ক্রেতার কাছে ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ‘ফুডপল্লী’র উদ্যোক্তারা। এতে করে কৃষক যেমন তাদের পণ্যের সঠিক দাম পাবেন, তেমনি ক্রেতাসাধারণও স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন বলে মনে করছেন তারা। ভিন্নধর্মী এ উদ্যোগের মূলে রয়েছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আবু সুফিয়ান সাদী, হাসান অনি, সুমন রাহাত রাসেল ও তাহিয়াত নাওয়ার আরশী। তাদের প্রত্যেকেরই ইচ্ছে ছিল তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান কীভাবে সহজ করা যায় তা নিয়ে কাজ করা। সেই ভাবনা থেকেই ‘ফুডপল্লী’র যাত্রা শুরু।
আবু সুফিয়ান সাদী বলেন, ‘আমরা ঢাকাসহ সারাদেশে পণ্য সরবরাহ করছি। সেইসঙ্গে ঢাকার কিছু গ্রোসারি শপের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি, যেখান থেকে ভোক্তারা ঘরে বসে ‘ফুডপল্লী’ অ্যাপের মাধ্যমে পছন্দমতো বাজার করতে পারবেন। এমনকি নতুন কোনো উদ্যোক্তা যদি বিশেষ কোনো পণ্য নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই কেনাবেচা করতে পারবেন। দেশীয় উদ্যোক্তাদের সুযোগ তৈরির পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে ‘ফুডপল্লী’ কাজ করবে।’
তাহিয়াত নাওয়ার আরশি জানান, ‘ফুডপল্লী’ নিয়ে আমরা আশাবাদী। গ্রাহকদের কাছে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আপাতত লাভের কথা ভাবছি না, খাঁটি ও নির্ভেজাল পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের টার্গেট।’ ফুডপল্লী নিয়ে তাদের রয়েছে বেশকিছু পরিকল্পনা। ‘ফুডপল্লী’র ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে উদ্যোক্তারা বলেন, ‘মানুষের ক্রয়সীমার মধ্যে মানসম্পন্ন খাবার সরবরাহ করার মাধ্যমে দেশের মানুষের কর্মসংস্হানের সুযোগ তৈরিতেও ‘ফুডপল্লী’ কাজ করবে।
