পুরাতন কৌশল পরিত্যাজ্য

আপডেট : ২৮ মে ২০২২, ০৫:৪৭

সময় পালটায়। সেই সঙ্গে পালটায় মানুষ, মনুষ্য সমাজ। অর্থাৎ পৃথিবী সর্বদাই চলমান ছিল এবং আছে—জগত্টাই পরিবর্তনশীল। বর্তমান সময়ে পৃথিবীর এই পরিবর্তনের গতি আরো বৃদ্ধি পাইয়াছে প্রযুক্তির ব্যাপক বিকাশের হাত ধরিয়া। গত ৫০ হইতে ১০০ বত্সরে পৃথিবী পালটাইয়াছে বিগত হাজার বৎসরের চাইতে অধিক গতিতে। কেবল বাহ্যিক নহে, মানুষের মানসিকতায়, চিন্তায় ও দৃষ্টিভঙ্গিতেও আসিয়াছে বিস্তর পরিবর্তন। রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই মানুষ গতিশীল ভাবনা ভাবিতে শিখিয়াছে।

বিশেষ করিয়া যে একের পর এক তরুণ প্রজন্ম আসিতেছে তাহাদের চিন্তার সঙ্গে কোনোক্রমেই বিগত শতকের চিন্তাকে মিলানো যাইবে না। নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার হার বাড়িয়াছে, অনেকে এমনকি বিদেশ হইতে উন্নত শিক্ষা লইয়া দেশে আসিয়া থিতু হইতেছে। সারা পৃথিবীর পরিবেশ পরিস্থিতির সঙ্গে তাহারা এখন যথেষ্ট পরিচিত। অপরাপর দেশের রাজনীতি, সমাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক পরিবেশের সঙ্গে পরিচিত। কোন দেশের নেতা কী বলিতেছেন, কোন দেশের নেতা কী প্রতিক্রিয়া ব্যক্ত করিতেছেন সকল সংবাদই বর্তমান মানুষের হাতের মুঠোয় (মোবাইল ফোনে) দুই-পাঁচ মিনিটের মধ্যে পৌঁছাইয়া যাইতেছে। কিন্তু এত কিছুর পরও আমাদের রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক সংস্কৃতির যেন কোনো পরিবর্তন নাই। কি সরকারি দল, আর কি বিরোধী দল—সকলের দৃষ্টিভঙ্গিতেই স্থবিরতা বিরাজ করিতে দেখা যায়। মনে হয় যেন তাহারা ৫০ বৎসর পূর্বের মানুষের সঙ্গে কথা বলিতেছেন। 

সবচাইতে বড় কথা, ইহার কি আদৌ কোনো সুফল তাহারা পাইতেছেন? একজন কথা বলিয়া যাহাকে খাটো করিতে চাহিতেছেন তিনি খাটো হইতেছেন না, বরং নিজেই সমাজের কাছে খাটো প্রতিপন্ন হইতেছেন। তাহারা কেহ বুঝিতে চাহেন না যে বর্তমান প্রজন্মের কাছে ঐ বিগত দিনের মতো বক্তব্য কেবলই হাস্যাস্পদ। আব্রাহাম লিংকনের সেই বিখ্যাত উক্তি আরো একবার প্রাসঙ্গিক হইয়া উঠিল। তিনি বলিয়াছিলেন, ‘আপনি সকল মানুষকে একটি স্বল্প সময়ের জন্য বোকা বানাইতে পারিবেন, স্বল্পসংখ্যক মানুষকে সকল সময়ের জন্য বোকা বানাইতে পারিবেন, কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য কখনোই বোকা বানাইতে পারিবেন না।’

সুতরাং সকল পক্ষকে দায়দায়িত্ব নিয়া কথা বলা শিখিতে হইবে, চর্চা করিতে হইবে। সকলকেই পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলাইতে হইবে, নূতন প্রজন্মের ভাষা বুঝিতে হইবে। এই ভাষা না বুঝিলে নিজেদের কথার কোনো ‘ভার’ থাকিবে না। ইহা সকলকেই বুঝিতে হইবে যে যাহা কিছু বলিবার, যাহা কিছু মানুষকে বুঝাইবার যুগ আর নাই। ইহা সত্য যে বিশ্বব্যাপী রাজনীতিবিদরা যে সকল সময়ে সত্য কথা বলেন তাহা নহে। সুনির্দিষ্ট প্রয়োজনে কখনো একজন প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদকেও খানিকটা মিথ্যার আশ্রয় লইতে হয়। কিন্তু উহা জনগণ বুঝিতে পারিয়াও কখনো কখনো মানিয়া লয়। কিন্তু ভিত্তিহীন কথা, তাত্পর্যহীন উক্তি, অপ্রাসঙ্গিক আক্রমণ করিলে দলমত-নির্বিশেষে বর্তমান সময়ের মানুষ বিরক্ত হয়, ইহা সকলের স্মরণে রাখা বিশেষ প্রয়োজন। সুতরাং সকল পক্ষই যদি বুঝিয়াশুনিয়া ভাবিয়া কথা বলে, তাহা হইলে জনগণের মধ্যে আস্হা তৈরি হইবে। যাহা খুশি বকিয়া গেলে কাহারো কাহারো আত্মতৃপ্তি হইতে পারে, কিন্তু উহা কেবল অবশিষ্ট আস্থাই নষ্ট করিবে। সুতরাং নূতন এই সময়ে পুরাতন ও অকার্যকর রাজনৈতিক কৌশল কেবল রাজনীতিকেই নিম্নমুখী করিতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক বেনিফিট কাহাকেও দিবে না, ইহা স্মরণে রাখা সকলেরই কর্তব্য বলিয়া আমাদের মত। 

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন