চা কিনলে ফ্রি বই পড়ার সুযোগ

আপডেট : ০১ জুন ২০২২, ২২:১১

চা কিনলেই মিলছে বিনামূল্যে বই পড়ার সুযোগ! ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কয়েকজন তরুণ নিয়েছেন এমন ব্যতিক্রমী এক উদ্যোগ। তাদের হাত ধরে গড়ে ওঠেছে ‘চা কুঞ্জ’ নামের এই টি-স্টল। যেখানে এক কাপ চাপ চা কিনলেই যে কেউ সেখানে রাখা বইগুলো পড়তে পারছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে বঙ্গবন্ধু স্কয়ারের আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চের সামনে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমধর্মী এই চা স্টল। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি চালু থাকে। চায়ের সাথে বই পড়ার যে কি আনন্দ তা একমাত্র বইপড়ুয়া মানুষই বলতে পারবে। চা কুঞ্জ’র উদ্যোক্তাদের মূল লক্ষ্যই মানুষদের বইমুখী করে তোলা।

এ আয়োজনে মোছাদ্দেক চৌধুরী (মুকুট), ফরহাদ হোসেন (রুমি) ও শেখ সাব্বির সরাসরি জড়িত। তাদের সাথে সদস্য হিসেবে আছেন হাফেজ মাওলানা আশিকুর রহমান, শরীফুল আমিন তানভীর ও শাহাদাত হোসেন। চা কুঞ্জ’র উদ্যোক্তারা জানান, ‘আমরা সবাই ফ্রেন্ড সার্কেল এবং প্রায় সবাই অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। আমাদের উদ্যোগটি অর্থ উপার্জনের জন্য নয়, কিন্তু সবকিছুর একটা সিস্টেম থাকা লাগে তাই আমরা ব্যবসার মাধ্যমে একটা ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। কারণ ফ্রি হলে অনেকে মূল্যহীন ভাবে কিংবা গুরুত্ব দেয় না। তাই আমরা এক কাপ চায়ের বিনিময়ে বইপ্রেমীদের বই পড়ার সুযোগ করে দিয়েছি।’ তারুণ্যের এই মনোভাবের জন্য পাল্টে যেতে পারে হাজার হাজার তরুণ-তরুণীর মনোভাব। মোবাইল, ফেসবুকের বিপরীতে গল্পের বই পড়াটাকেও চায়ের সঙ্গী করে নিতে পারে—এমনটাই ‘চা কুঞ্জ’র উদ্যোক্তাদের প্রত্যাশা।

ইত্তেফাক/এসটিএম