পাঁচ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩০৬ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:২৪

দীর্ঘ পাঁচ বছর দুই মাস পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। বুধবার (৬ জুলাই) ৩০৬ সদস্যবিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি ঘোষণা করেন। এতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়।

বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে পূর্বের কমিটির  সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক পদ বহাল রয়েছে।

বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১১ জন। এছাড়া প্রচার, দফতর, গ্রন্থনা ও প্রকাশনা, শিক্ষা ও পাঠচক্র, তথ্য ও গবেষণা, ছাত্রী, অর্থ, আইন, পরিবেশ, স্কুল ছাত্র, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, ধর্ম, কৃষি, গণশিক্ষা, ত্রাণ ও দুর্যোগ, সাহিত্য, গণযোগাযোগ ও উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, সাংস্কৃতিক, সমাজসেবা, ক্রীড়া, পাঠাগার, আপ্যায়ন, ছাত্রবৃত্তি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পদে পদায়ন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে ২২ জন জায়গা পেয়েছেন।

ইত্তেফাক/এআই