আশুলিয়া বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৪ জুলাই ২০২২, ২২:২০

যানজট নিরসনে সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকালে আশুলিয়া বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।  

দীর্ঘদিন ধরে আশুলিয়া বাজারের রাস্তা দখল করে প্রভাবশালীরা দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিল। ফলে ব্যস্ততম এই বাজারের রাস্তায় সব সময় যানজট লেগে থাকতো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, অবৈধভাবে কেউ রাস্তা বা খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর, আশুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই সুদীপ কুমার গোপসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

ইত্তেফাক/ইউবি