পাকিস্তানকে সন্ত্রাস থামাতে হবে: চীনের প্রেসিডেন্টকে মোদি

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৯:১৪

জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করলে পাকিস্তানের সঙ্গে কোন আলোচনা নয় বলে ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক বৈঠকে জানান, আলোচনায় বসতে হলে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাস থামতে হবে। খবর এনডিটিভির। 

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আঞ্চলিক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এসসিও সম্মেলনে জড়ো হয়েছেন । ওই সম্মেলনের পার্শ্ববৈঠকে শি’র  এর সঙ্গে  দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।  

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলের বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে মোদি বলেছেন পাকিস্তানকে সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আমরা তা দেখছি না পাকিস্তানে। আমরা আশা করছি আলোচনা শুরুর আগে ইসলামাবাদ সন্ত্রাসীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিবে। 

এই বৈঠকের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী  শাহ মেহমুদ কুরেশি দ্বিপাক্ষিক কথোপকথনের ব্যাপারে ভারতকে  চিঠি লেখেন।   

কিন্তু এই শীর্ষ বৈঠকে ইমরান খানের সঙ্গে নরেন্দ্র মোদির কোনও দ্বিপাক্ষিক সাক্ষাতের সম্ভাবনা নেই বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে।  

আরো পড়ুন: চীনবিরোধী বিক্ষোভের পর থমথমে হংকং

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪০ জন সেনার মৃত্যু হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পাকিস্তানকে চাপ দিয়ে আসছে ভারত। 

ইত্তেফাক/এসআর