বই পড়ার দাওয়াত নিয়ে বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণে অলি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৩২

সমাজের সব মানুষের কাছে বই পড়ার আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ১৯ বছর বয়সের তরুণ অলি সাব। নিজের পুরনো ফনিক্স বাইসাইকেল নিয়ে দেশের ৬৪ জেলায় ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ।

দেশের ২৭ জেলা ঘুরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে নাটোর জেলায় পৌঁছান তিনি। নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বইপড়ার বিষয়ে দাওয়াত দেন অলি। 

অলি সাব সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বালিজুরী গ্রামের কৃষক লুৎফুর রহমানের চার ভাই এক বোনের মধ্যে বড় অলি সাব। কিশোরগঞ্জ জেলার জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। 

জানা যায়, ৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ৬৪ জেলায় বইপড়া আন্দোলন’ কর্মসূচি শুরু করেন তিনি। দ্বিতীয় পর্বে ২০ অক্টোবর নেত্রকোনা থেকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া হয়ে নাটোরে পৌঁছান। 

অলি সাব। ছবি- ইত্তেফাক

অলি সাব বলেন, ২০১৮ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামে সহপাঠীদের নিয়ে একটি বুকক্লাব গঠন করেন তিনি। এরপর তিনি কলেজের পাশেই আরেকটি বই লাইব্রেরি গঠন করেন। প্রতিনিয়তই তার লাইব্রেরিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ বইপ্রেমি মানুষ বই পড়ছেন। পরবর্তীতে বই পড়ার সচেতনার সৃষ্টিতে ৬৪ জেলায় ভ্রমণের মাধ্যমে আন্দোলন শুরু করেন তিনি। 

অলি সাব বলেন, আমাদের চারপাশে অনেক ধরনের আন্দোলন হয়। কেউ পরিবেশ নিয়ে কাজ করছে, কেউ মাদকবিরোধী আন্দোলন নিয়ে, কেউবা আবার রক্ত দানে সচেতনতা তৈরি নিয়ে, কিন্তু আমি করছি বই পড়ার আন্দোলন। 'জানতে চাই' এই চিন্তা থেকেই এমন উদ্যোগ নিয়ে আমি ৬৪ জেলায় ভ্রমণ শুরু করেছি। বিভিন্ন জেলায় স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যাচ্ছি। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করছি। শিক্ষার্থীরা তাদের বইপড়া নিয়ে কথা শেয়ার করছেন। নাটোরের বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীদের সঙ্গে বই পড়ার বিষয়ে কথা বলেছি। পাঠ্যবইয়ের বাইরে তেমন কেউ বই পড়েন না। তারা অনেকে আমার এ আন্দোলনে উৎসাহিত হচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা মূলত চারটি মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। বই পড়ে, ভ্রমণ করে, অভিজ্ঞতা থেকে আর আধ্যাত্মিক চিন্তা করে।  ভ্রমণে প্রতিটি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলে আমাকে সহযোগিতা করছেন। তাদের সাথে সাক্ষাৎ করছি, তারা অটোগ্রাফ দেন, সার্বিক সহযোগিতা করছেন আমাকে। আমি যেন প্রতিটি ঘরে ঘরে বই পড়ার শখটা যেন পৌঁছাতে পারি। আমি সবার সহযোগিতায় এভাবে বইপড়ার আন্দোলন নিয়ে এগিয়ে যেতে চাই। 

শুক্রবার(৯ ডিসেম্বর) নাটোর শহরে একটি চাইন্সিসে 'নিজের বলার মতো একটা গল্প' ফাউন্ডেশন নাটোর সদর উপজেলা উদ্যোক্তা সম্মেলন-২০২২ এ যোগ দেবেন অলি। শনিবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর থেকে সিরাজগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা দেবেন বলে তিনি জানান।

ইত্তেফাক/এআই