৭ বছরের সাজা থেকে বাঁচতে ২৪ বছর পালিয়ে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯

ডাকাতি মামলার ৭ বছরের দণ্ডিত আসামিকে রায়ের ২৪ বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জেলার বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডিত আজগর আলী খানকে (৬০) গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন জানান, পটুয়াখালীর একটি আদালত ডাকাতি মামলায় বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মৃত মান্নান খানের ছেলে আজগরকে সাত বছরের কারাদন্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে থেকেই আজগর পলাতক ছিলেন। 

পরিদর্শক আরও জানান, গত ২৪ বছর ধরে আজগর পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোনাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঐদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজরে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও