ময়মনসিংহের গৌরীপুরে মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আফতু মিয়া (৬৫)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হাফিজের ছেলে।
আহতরা হলেন অটোরিকশার যাত্রী জিয়াউর রহমান, কসির উদ্দিন, বাবুল মিয়া, সালামা আক্তার ও অজ্ঞাত একজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ শহরে যাচ্ছিল। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়া এলাকায় অটোরিকশার সঙ্গে কিশোরগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আফতু মিয়া (৬৫) মারা যান।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, 'খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। এ সময় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।'
আরও পড়ুন: বাগমারায় পুলিশ পাহারায় পুনরায় এলজিইডি’র রাস্তার কাজ শুরু
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি
