চুয়াডাঙ্গায় দুই কোটি মূল্যের ৪টি সোনার বার জব্দ, আটক ১

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:১৩

চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা থেকে আড়াই কেজি ওজনের চারটি সোনার বার জব্দ করা হয়েছে। এ সময়  ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার দর্শনা হঠাৎপাড়া রেল গেটে থেকে সোনার বার ও তাকে আটক করে বিজিবি।

আটক কুসুম সাধন পোদ্দার (৪৫) গাজীপুরের টঙ্গী থানার মনুনগর গ্রামের শ্রী হরি সাধন পোদ্দারের ছেলে।

বিজিবির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সুলতানপুর ক্যাম্পের বিজিবির টহলদল দর্শনা হঠাৎপাড়া রেল গেটের কাছে অবস্থান করেন। এ সময় একজন লোক একটি লোকাল বাস থেকে নেমে বিজিবির সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। বিজিবি তাকে ধরে তল্লাশি করে ও তার মাজায় মোড়ানো চারটি সোনার বার উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দ করা চারটি সোনার বারের বাজার মূল্য দুই কোটি দুই লাখ টাকা। আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে এর আগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

 

 

ইত্তেফাক/আরএজে