এশিয়ান গেমসের আগেই নারী ফুটবলারদের বেতনকাঠামো

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৩:০২

নারী ফুটবলারদের বেতনকাঠামো প্রবর্তন করতে যাচ্ছে বাফুফে। আগামী সেপ্টেম্বরেই এই প্রথা চালু হতে পারে বলে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তিনি বলেছেন, ‘নারী ফুটবলারদের জন্য তিন ক্যাটাগরিতে বেতন দেওয়ার ব্যাপারে কাজ করা হচ্ছে। সর্বোচ্চ বেতন ৫০ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা হতে পারে।’ 

নারী ফুটবলারদের জন্য এটা ভালো খবর। কারণ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলারদের দাবি ছিল বেতন বাড়ানো। কিন্তু বাফুফে সেটা পূরণ করতে পারছিল না। আর সে কারণে বাফুফের সভাপতি খেলোয়াড়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন বেতনের সঙ্গে তিনি নিজেই  বাড়তি অর্থ দেবেন। সেটা করছিলেনও। কিন্তু সাবিনারা সেটা মেনে নিতে পারছিলেন না। দাবি তুলে আসছিলেন কাঠামো প্রবর্তন করতে হবে। ছুটিতে যাওয়ার আগেই দাবিদাওয়া নিয়ে একটা ফর্দ তুলে দিয়ে গিয়েছিলেনও নারী ফুটবলাররা। এখন বাফুফের সভাপতির কথায় মনে হচ্ছে আগামী এশিয়ান গেমসের আগেই বেতনকাঠামো চালু হয়ে যাবে। সেপ্টেম্বরে এশিয়ান গেমস, বাফুফে চাইছে গেমসের আগেই যদি প্রবর্তন করা যায়।

নারী ক্যাম্পে সবচেয়ে বেশি বেতন ছিল সাবিনা খাতুনের । ২০ হাজার টাকা। অন্যরা পেতেন ১০ হাজার। এই কাঠামো বাদ দিয়ে তিনটা ক্যাটাগরি করা হবে। সেখানে বেতনকাঠামো নির্ধারণ করা হবে। এটা হবে শুধু সিনিয়র দলের জন্য। জুনিয়রদের জন্য পরে নির্ধারণ করা হবে।

বেতনকাঠামো প্রবর্তন করার সঙ্গে সঙ্গে বাফুফে খেলোয়াড়দের নিয়ে চুক্তি করবে। সেখানেই নির্ধারণ হবে কে কোন ক্যাটাগরিতে বেতন পাবেন। চুক্তির সঙ্গে সঙ্গে খেলোয়াড়দেরকে কোড অব কন্ডাক্ট তথা আচরণ বিধির আওতায় আনা হবে। খেলোয়াড়রা ছুটির কথা বলে খেলতে গিয়েছেন। এমনটা হওয়ার কথা ছিল না।

খেলোয়াড়রা দাবিদাওয়া তুলতে গিয়ে ফেডারেশনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বাজে আচরণ হলে সেটি মেনে নেবে না বাফুফে। কঠিন হুঁশিয়ারি থাকবে। ক্যাম্পের ভেতরে আচরণবিধি মেনে নিতে হবে। কোনো শৃঙ্খলা ভাঙলে শাস্তি পেতে হবে। এসব নিয়ে নানা নিময়কানুনের মধ্যে আসতে যাচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলাররা।

ইত্তেফাক/এসএস