জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগের প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৮১ জন সাবেক শিক্ষার্থী সই করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘উত্তাল ছাত্র আন্দোলনের মুখে উপাচার্য নামের যে ‘গডফাদার’ প্রায় এক যুগ আগে উপাচার্যের ‘মসনদ’ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেই শরীফ এনামুল কবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ইমেরিটাস অধ্যাপক’ পদে সম্মানিত করার দুরভিসন্ধিমূলক পাঁয়তারা দেখে আমরা যারপরনাই বিস্মিত, লজ্জিত, বিব্রত ও আহতবোধ করছি।’
বিশ্ববিদ্যালয়ের ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে অধ্যাপক শরীফ এনামুল কবিরকে নিয়োগের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করার কারিগর হিসেবে পরিচিত সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে এমন একটি অত্যন্ত সম্মানজনক পদে নিয়োগের চেষ্টা করার অনৈতিক, হঠকারী ও লেজুড়বৃত্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে জাবির সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘এ ধরনের অনৈতিক সিদ্ধান্তকে কোনোভাবেই সমর্থন জানাতে পারছি না। তাই অধ্যাপক শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে এমন শিক্ষকদের নিয়োগের সুপারিশ করার দাবি জানাচ্ছি।’
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থেকে ইমেরিটাস অধ্যাপক সব নিয়োগের প্রক্রিয়াকে দলীয়করণমুক্ত করে একাডেমিক যোগ্যতার ভিত্তিতে করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে ‘সিদ্ধান্তহীনতা’
শিক্ষক নিয়োগে ‘উপেক্ষিত’ স্বর্ণপদক জয়ী মেধাবীরা!