একশ’র বেশি সদস্য নিয়ে ই-ক্যাবের মোহাম্মদপুর মিটআপ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৯:০৯

ই-কমার্স খাতের ট্রেডবডি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর উদ্যোগে আয়োজিত হয়েছে মোহাম্মদপুর মিটআপ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মোহাম্মদপুরে একটি রেস্টুরেন্টে এই মিটআপ আয়োজিত হয়। 

ই-ক্যাব এর মোহাম্মদপুর এলাকার সদস্য এবং এফ-কমার্স উদ্যোক্তাসহ একশ জনের বেশি সদস্য উপস্থিত ছিলেন এই মিটআপে। ই-ক্যাব এর চারটি কমিটি: এফ-কমার্স অ্যালায়েন্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটি, ই-ক্যাব সেলার ফোরাম এবং ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডিং কমিটি এই মিটআপ আয়োজনে সহযোগিতা করে।

বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই মিটআপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যব) এর ডিরেক্টর সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল মার্কেটিং ও ফেসবুক বিজনেস নিয়ে একটি সেশন আয়োজিত হয়।

এসময় ই-কমার্স উদ্যোক্তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বক্তারা উত্তর দেন। ই-ক্যাব এর ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দিন, সেক্রটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তমাল, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক খন্দকার তাসফিন আলম, পরিচালক অর্নব মুস্তফা, পরিচালক ইলমুল হক সজীব এবং পরিচালক সাইদুর রহমান বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। এরপর মিটআপের আয়োজন সহযোগী ই-ক্যাব এর ৪টি কমিটি এবং স্পন্সরদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হয় এই মিটআপ। 

ই-ক্যাব এর সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তমাল মিটআপে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী নভেম্বর মাসে ই-ক্যাব এর দুইটি ফ্ল্যাগশিপ প্রোগ্রামের ব্যাপারে সবাইকে অবগত করেন। তিনি জানান, আগামী ৮ই নভেম্বর ই-ক্যাব এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এইদিনে ই-কমার্স মুভার্স এওয়ার্ড দেওয়া হবে। তিনি আরও জানান স্মার্ট লজিস্টিক এক্সপো আয়োজন করতে যাচ্ছে ই-ক্যাব।

ই-ক্যাব মোহাম্মদপুর মিটআপে স্পন্সর হিসেবে ছিল পার্সেলডেক্স, রিবানা, চিকিৎসা এবং আমার দেশ আমার পণ্য। মিটআপে অতিথি হিসেবে ইক্যাব এর ইসি কমিটির সদস্যবৃন্দ এবং ব্যাবিলন রিসোর্সেস এর সিইও লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই