হুইলচেয়ারের সিটে লুকানো ছিল সাড়ে ১৬ কোটি টাকার কোকেন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬:২৪

চীনের হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার (১৪ অক্টোবর) একটি মোটরচালিত হুইলচেয়ারের সিটে লুকিয়ে রাখা ১১ কেজি কোকেন জব্দ করেছে দেশটির কর্মকর্তারা। ৫১ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে কোকেনগুলো জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১৫ লাখ ডলার বা ১৬ কোটি ৫৩ লাখ টাকার বেশি। খবর বিবিসির।

কাস্টমস কর্মকর্তারা জানান, শনিবার ক্যারিবীয় দেশ সিন্ট মার্টেন থেকে প্যারিস হয়ে ওই ব্যক্তি হংকংয়ে আসেন। সঙ্গে থাকা দুটি লাগেজের মধ্যে একটিতে ছিল হুইলচেয়ার। পরীক্ষা করার সময় হুইলচেয়ারে সিট নতুন সেলাই করা দেখে বিমানবন্দরে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়। এরপর সেখান থেকে ১১ কেজি কোকেন জব্দ করেন তারা।

আটক ব্যক্তি একটি পরিবহন কোম্পানির পরিচালক। তিনি হুইলচেয়ারটি তার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলেন কারণ তার স্বাভাবিকভাবে চলাফেরা করতে সমস্যা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ইত্তেফাক/এসএটি/এমটি

এ সম্পর্কিত আরও পড়ুন