ঢাকা ফ্লো ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস আয়োজনে রয়েছে সুস্থতা আর স্বাস্থ্যের সমন্বয়ের নির্দেশনা। আয়োজনটি সম্পর্কে জানাচ্ছেন ফাতিন আহমেদ।
সুস্থ মানুষ থাকলে পৃথিবীও সুস্থ থাকবে। স্বাস্থ্যের উৎকর্ষ সাধনে প্রয়োজন মনোযোগ। সেই মনোযোগ আকর্ষণ করা সম্ভব সুস্থতার মাধ্যমে। ঐতিহ্যগতভাবে যোগব্যায়াম, ধ্যানের মাধ্যমে সুস্থতা অর্জন সম্ভব। সুস্থ বাতাস ও পরিবেশের ইতিবাচক দিকগুলো এই সুস্থতার পথকে ত্বরান্বিত করে। এই ফেস্টিভ্যাল তেমনই পরিবেশ নিশ্চিত করতে চায়।
এই উত্সবে দর্শনার্থীদের কোনো ফি ছাড়াই মানসিক স্বাস্থ্য, আত্মিক প্রশান্তি, শরীরচর্চার পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে ছুটির দুই দিন ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার প্রয়াস। এবারের আয়োজনে রয়েছে ২৪টি ফ্রি ক্লাস, যেখানে মেডিটেশন, বক্সিং, নাচ, গান, শরীরচর্চা ও ইয়োগা। বিভিন্ন বিষয়ে ১২টি প্যানেল ডিসকাশনের আয়োজন থাকছে।
সুস্থ গতিধারার আয়োজন
আয়োজনটির লক্ষ্য এমন একটি রাজধানী গড়ে তোলা যেখানে দূষণ নেই। এতে অংশ নিতে এসে এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, ‘ব্যস্ত নগরীতে মানুষের সুস্থ বাতাসে বের হয়ে আসা উচিত। এখানে অনেকেই বিশ্রামের অবকাশ পান না। সেখান থেকে এই আয়োজনে এসে নির্মল আকাশ দেখার সুযোগ পাওয়া কম নয়। বাচ্চাদের নিয়ে একটি ভালো দিন চমত্কারভাবে কাটানোর সুযোগ মিলছে।’
গুলশান সোসাইটি লেক পার্কে ওয়েলনেস প্রোডাক্ট, ফিটনেস শিক্ষক, হিলার ও সদস্যদের অংশগ্রহণে আয়োজনটিতে ওয়েলনেস অ্যাক্টিভিটি থেকে শুরু করে হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ফেস্টিভ্যাল ট্রেনিংও রয়েছে। গতকাল সকাল ৯টায় উদ্বোধনী আয়োজন শুরু হয়। আজ সকাল আটটায় একটি পাঁচ কিলোমিটার ম্যারাথন রানের মাধ্যমে শুরু হবে দ্বিতীয় দিন। থাকছে আর্ট জোন। আর্ট জোনে উপস্থাপিত শিল্পকর্ম অকশনের ব্যবস্থাও থাকবে। শিশুদের জন্য রেনাটার পক্ষ থেকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা থাকবে। জাতীয় আয়ুর্বেদিক দিবসকে প্রতিপাদ্য করে ডা. শারলিন ভারতীর আয়ুর্বেদিক বই প্রকাশিত হবে বুক জোনে। সুফি আধ্যাত্মিক নৃত্যের সেশনও থাকবে এই উত্সবে।
সুস্থতা ও সুস্বাস্থ্যের মেলা
ঢাকা ফ্লো ফেস্টিভ্যালের মূল আকর্ষণ সুস্থতা ও সুস্বাস্থ্য। ৬০জন দেশি-বিদেশি ইয়োগা স্পেশালিস্ট এই আয়োজনে নির্দেশনা দিচ্ছেন। ফারিহা মাহবুব ফিটনেস প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। তিনি এই আয়োজনে অংশ নিয়ে জানিয়েছেন, ‘চমত্কার একটি আয়োজন। এখানে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। কথাও হয়েছে। অভিজ্ঞতা একে অপরের সঙ্গে আদান-প্রদান করার মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। বিশেষত ইকো-ফ্রেন্ডলি ব্যবহারের বিষয়টিকে এখানে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা বাড়তি মনোযোগ দাবি করে।’ প্রেম ঝুড়ি, ফোক ফিউশন ও সংগীত আয়োজন রয়েছে এই ফেস্টিভ্যালে।
আকাশের নীলের সঙ্গে ইয়োগার দিন
ঢাকা ফ্লো ফেস্টিভ্যাল ক্লান্তির দিন থেকে সরিয়ে সবাইকে এনে দিতে চায় সুন্দর এক খন্ড আকাশ। সবাই আনন্দঘন পরিবেশে মুগ্ধতার পরশে থাকবে। সেই সঙ্গে সুস্থতা পাবে সবচেয়ে বেশি মনোযোগ। ইয়োগার আয়োজন ও সুস্থতা বিষয়ে ইত্তেফাকের সঙ্গে কথা হয় ঢাকা ফ্লোর কো ফাউন্ডার ইয়োগিনি সাজিয়া ওমরের সঙ্গে। তিনি জানান, ‘ঢাকা ফ্লো ওয়েলনেসের একটা প্লাটফর্ম। পুরো ঢাকাবাসী সুস্থ জীবনযাপনে প্রবেশ করুক এটিই আমাদের প্রত্যাশা। সুস্থতা শরীর, মন ও আত্মার সঙ্গে সরাসরি জড়িত। এজন্য একত্রীত হয়ে যদি আমরা সুস্থতার জন্য চেষ্টা করি তাহলে পুরো সমাজ উপকৃত হবে। নাগরিক জীবনে অনেকেই হতাশা, বিষণ্নতা ও আত্নহত্যাপ্রবণ হয়ে ওঠে শারীরিক, মানসিক অসুস্থতায়। শরীরের প্রত্যক্ষ প্রভাব মনে পড়ে। তাই আমরা যদি আমাদের শরীরে মন না দেই তাহলে সুস্থ থাকা সম্ভব হবে না। আমরা এবার ‘ফ্লো উইথ ইন’ নামে একটি জার্নাল প্রকাশ করছি। এই জার্নালের মাধ্যমে নেতিবাচক ভাবনা কমবে বলে আশা করছি।
