আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার গাড়ি বোমা ও বন্দুক হামলার কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, সংঘাত নিরসনের একটি শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার বারবার আহবান জানানো আফগান নাগরিকদের ওপর তালেবানের এই নির্লজ্জ হামলা তাদের নির্মমতার প্রমাণ।
সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
এ হামলার লক্ষ্যবস্তু ছিলো একটি বেসরকারি যুদ্ধ জাদুঘর, টেলিভিশন স্টেশন এবং একটি প্রাথমিক বিদ্যালয়।
মূলত দুটি হামলা চালানো হয়। একটি ছিলো গাড়ি বোমা হামলা ও অন্যটি বন্দুকধারীদের নের্তৃত্বে জঙ্গি হামলা।
এদিন আমেরিকা ও তালেবান আলোচকরা কাতারে দ্বিতীয় দিনের মতো মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। কিন্তু ১৮ বছরের আফগান যুদ্ধে সহিংসতার গতি কেবল বাড়ছে। সঙ্গে বেড়েছে হামলাও।
আরো পড়ুন: ফের সৌদি বিমানবন্দরে হামলা
কাবুলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এবং ৩৪ জন বেসামরিক নাগরিক। আরও কমপক্ষে ৬৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইত্তেফাক/এসআর
