এনস্থেসিয়া চিকিৎসক ছাড়াই অপারেশন, সিলগালা ক্লিনিক

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:০৯

অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন, এনেস্থেসিয়া চিকিৎসক না রেখে অপারেশনসহ নানা অনিয়মের অভিযোগে ক্লিনিক মালিক ও কথিত সার্জন এবং ওই ক্লিনিকের ডিএমএফ চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে পাবনার চাটমোহরে পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকার ‘ঢ়াটমোহর ইসলামি হাসপাতাল’ নামের একটি ক্লিনিক। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌর শহরের সরকারি কলেজ রোডের নারিকেলপাড়া মহল্লার ওই ক্লিনিকে এনস্থেসিয়া ডাক্তার ও নার্স ছাড়াই অপারেশন হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। আদালত অস্বাস্থ্যকর পরিবেশ, এনস্থেসিয়া ডাক্তার ও নার্স না থাকার সত্যতা পান। পরে ক্লিনিকের মালিক আমির হোসেন বাবলুকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া এনেস্থেসিয়া ডাক্তার না রেখে অপারেশন করা, সনদপত্র দেখাতে না পারায় কথিত সার্জন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার সাদ্দাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং ক্লিনিকের ডিএমএফ চিকিৎসককে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইত্তেফাক/জেডএইচ