বরাবরের মতো নানা আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সম্পন্ন হলো। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মিরপুর সাড়ে ১১ নাম্বার সিটি ক্লাব মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান।
পূর্ব ঘোষণা অনুযায়ী খেলায় স্কুলটির মিরপুর ক্যাম্পাসের প্রায় ৬০০ শিক্ষার্থী ১৩০টি খেলায় অংশ নেয়। বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের প্রায় ৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সময়ে চরমপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বঙ্গবন্ধুর ফিরে আসার অপেক্ষায় কীভাবে শক্তি সঞ্চার করে যুদ্ধ করেছিলেন, তার বর্ণনা তুলে ধরেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ঢাকা উত্তরের নং ৬ ওয়ার্ড কাউন্সিলর ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, এভেরোজ ইন্টারনশনাল স্কুলের পরিচালক গোলাম মোস্তফা, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান এবং স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ আমন্ত্রিতরা। অনুষ্ঠান পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

