টিসিবির পণ্য নিতে গিয়ে চেয়ারম্যানের মারধরের শিকার দিনমজুর, ভিডিও ভাইরাল

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:০৮

গাইবান্ধায় টিসিবির পণ্য আনতে গিয়ে ইউপি চেয়ারম্যানের মারধরের শিকার হয়েছেন মোজাহিদুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুর। পরে তাকে আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (গত ১৯ মার্চ) বিকাল ৫টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এদিন রাত ১০টার দিকে এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকা মোজাহিদুলকে মাথায়, বুকে ও পিঠে কিল-ঘুষি মারতে মারতে ধাক্কা দিয়ে বের করে দেন।

আহত মোজাহিদুল ইসলাম ওই ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তার স্ত্রী রুমা বেগমের নামে একটি টিসিবি’র কার্ড রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোজাহিদুল জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ডের মালামাল দেওয়া হচ্ছিল। তিনি তার স্ত্রী রুমা বেগমের টিসিবি’র কার্ডটির মালামাল আনতে ওই ইউনিয়ন পরিষদে যান। কিন্তু বিকাল ৩টার দিকে প্রায় ৫০ জন কার্ডধারীকে মালামাল দিতে সময়ক্ষেপণ করেন টিসিবির সংশ্লিষ্ট ডিলার। এ সময় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিলার উপস্থিত সবাইকে অপেক্ষা করতে বলেন। কিন্তু অপেক্ষা করেও বিকাল ৫টা পর্যন্ত কোনো মালামাল পাওয়া যায়নি। এ নিয়ে উপস্থিত কার্ডধারীদের মাঝে হইচই শুরু হয়। এতেই চেয়ারম্যান মোসাব্বির ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে কোনো কারণ ছাড়াই ইউপি চেয়ারম্যান মোজাহিদুলের ওপর হামলা করে তার মাথা, বুক ও পিঠে ঘুষি মারতে থাকেন। এরপর তিনি ধাক্কা মারতে মারতে পরিষদ থেকে বের করে দেন তাকে।

এ ঘটনার বিচার চেয়ে আমি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি, বলেন মোজাহিদুল।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/এবি