গ্রিন ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন

আপডেট : ১৬ মে ২০২৪, ২০:৪০

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়টিতে যোগ দেন তিনি। 

এর আগে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মোহাম্মদ সাহবুদ্দিন আগামী ৪ বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেন। 

অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি শিক্ষায় মাস্টার্স এবং ২০০২ সালে কিয়োটো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন ড. শরীফ উদ্দিন।

১৯৯১ সালে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বর্তমান চুয়েট) প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন অধ্যাপক শরীফ। পরে ১৯৯২ সালে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগে। শিক্ষকতা জীবনে তিনি কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ইনচার্জসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 

ইত্তেফাক/এএএম